দেশ

রাম মন্দিরের পর এবার বদ্রীনাথেও অনুদান কেলেঙ্কারির অভিযোগ, তদন্তে মন্দির কমিটি

অযোধ্যার রাম মন্দিরে অনুদানের অর্থ নিয়ে বিতর্ক এখনও থামেনি। এরই মধ্যে কেদারনাথ-বদ্রীনাথ মন্দিরেও অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ সামনে আসায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। বদ্রীনাথ ধামে ভক্তদের দেওয়া অনুদানের হিসাব নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক অভিযোগ প্রকাশ্যে আসার পরই তদন্তের নির্দেশ দিয়েছে শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি।

মন্দির কমিটির চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদী জানিয়েছেন, অভিযোগের নিরপেক্ষ তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অনুদানের হিসাব-নিকাশের দায়িত্বে থাকা প্রত্যেক কর্মীর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট জানানো হয়েছে।

গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, বদ্রীনাথ মন্দিরে ভক্তদের অনুদানের অর্থের হিসাব-নিকাশে বড় ধরনের অনিয়ম হয়েছে এবং বিপুল অঙ্কের অর্থে কারচুপি করা হয়েছে। অভিযোগ সামনে আসার ২৪ ঘণ্টার মধ্যেই মন্দির কমিটি তদন্ত শুরু করে। কারণ, এই বিষয়টি লক্ষ লক্ষ ভক্তের বিশ্বাস ও আস্থার সঙ্গে সরাসরি জড়িত।

মন্দিরের এক আধিকারিক জানান, অভিযোগের সত্যতা যাচাই করতে মন্দির প্রাঙ্গণের সমস্ত সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি তদন্তকারী দল প্রয়োজনীয় নথি সংগ্রহের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যও নথিভুক্ত করবে।

উল্লেখ্য, এর আগেই অযোধ্যার রাম মন্দিরের দানবাক্স থেকে বিপুল অঙ্কের অর্থ চুরির অভিযোগ ঘিরে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ অনুযায়ী, দানবাক্স থেকে অন্তত সাড়ে আট কোটি টাকা উধাও হয়েছে, যার বড় অংশ কুম্ভমেলার সময়ের অনুদান বলে দাবি করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.