নয়াদিল্লি: ফের বাড়ছে কোভিড সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, দেশে বর্তমানে অ্যাকটিভ কোভিড কেসের সংখ্যা ছাড়িয়েছে ৬ হাজার। গত ৪৮ ঘণ্টায় নতুন করে ৭৬৯ জন আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। সব মিলিয়ে দেশে বর্তমানে অ্যাকটিভ কেসের সংখ্যা ৬১৩৩।
গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে মৃত্যু হয়েছে আরও ৬ জনের। এই তালিকায় সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি কেরলে। সেখানেই সবথেকে বেশি, ১৯৫০ জন কোভিড আক্রান্ত এখন চিকিৎসাধীন। মৃতের সংখ্যাও সর্বাধিক—মোট ২ জন। দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাত, যেখানে অ্যাকটিভ কেস ৮২২। এরপর রয়েছে পশ্চিমবঙ্গ (৬৯৩), দিল্লি (৬৮৬), মহারাষ্ট্র (৫৯৫) ও কর্ণাটক (৩৬৬)।
স্বাস্থ্য দফতরের মতে, সামান্য জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়েই বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন। সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে থাকলেও সতর্কতা বজায় রাখার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।
দেশবাসীকে কোভিড সংক্রান্ত প্রাথমিক সতর্কতা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। বিশেষ করে প্রবীণ নাগরিক, শিশু ও কো-মর্বিডিটি থাকা ব্যক্তিদের বাড়তি সাবধানতার পরামর্শ দেওয়া হয়েছে।






