বারামতী, বুধবার:
মহারাষ্ট্রের বারামতী বিমানবন্দরে ভয়াবহ বিমান দুর্ঘটনা। বুধবার সকাল পৌনে ৯টা নাগাদ অবতরণের সময় একটি ব্যক্তিগত বিমান ভেঙে পড়ে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। ওই বিমানে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি প্রধান অজিত পওয়ার ছিলেন বলে এনসিপি সূত্রের দাবি।
সংবাদসংস্থা পিটিআই সংশ্লিষ্ট আধিকারিকদের উদ্ধৃত করে জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানে থাকা পাঁচ জন যাত্রীর মৃত্যু হয়েছে। অন্য দিকে, বিভিন্ন সংবাদমাধ্যম ভারতের উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ-র (DGCA) সূত্রে দাবি করেছে, বিমানে থাকা ছ’জনেরই মৃত্যু হয়েছে। তবে সরকারি ভাবে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত বিবৃতি প্রকাশ করা হয়নি।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, অবতরণের সময় বিমানটি রানওয়ের একেবারে ধারে চলে যায়। তার পরেই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ভেঙে পড়ে। দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যেই বিমানে আগুন ধরে যায়। ঘটনাস্থল থেকে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, দাউদাউ করে জ্বলছে বিমানটি। আগুন নেভাতে তৎপর দমকল বাহিনী। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনীও।
বারামতী বিমানবন্দরের ভারপ্রাপ্ত আধিকারিক শিবাজি তওয়ারে জানিয়েছেন, “অবতরণের সময় বিমানটি রানওয়ের ধারে চলে যায়। তার পরেই সেটি ভেঙে পড়ে এবং আগুন ধরে যায়।” দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট সংস্থা।
এনসিপি সূত্রে জানা গিয়েছে, জেলা পরিষদ নির্বাচনের প্রচারে অংশ নিতে মুম্বই থেকে বারামতী যাচ্ছিলেন অজিত পওয়ার। তিনি একটি ব্যক্তিগত বিমানে সফর করছিলেন। বিমানে অজিত পওয়ার-সহ মোট ছ’জন আরোহী ছিলেন বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে।
ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। সরকারি স্তরে নিশ্চিত তথ্য প্রকাশ পেলেই তা জানানো হবে।







