খেলাধুলা

আজ বিশাখাপত্তনমে ‘ট্রায়াল ম্যাচ’ ভারতের, অভিষেক আতঙ্কে নিউ জ়িল্যান্ড

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের চতুর্থ ম্যাচে বুধবার বিশাখাপত্তনমে মুখোমুখি ভারত ও নিউ জ়িল্যান্ড। গুয়াহাটিতেই সিরিজ় জয় নিশ্চিত করে ফেলায় এই ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে পারে ভারতীয় শিবির। বিশ্বকাপের আগে দল গঠনের নানা দিক যাচাই করে নেওয়াই এখন কোচিং স্টাফের মূল লক্ষ্য।

প্রথম তিনটি ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে সূর্যকুমার যাদবের দল। তবে সিরিজ় জয়ের মাঝেও চিন্তার ভাঁজ কোচ গৌতম গম্ভীরের কপালে—কারণ নিয়মিত ওপেনার সঞ্জু স্যামসনের ব্যাটিং ফর্ম। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি টি-টোয়েন্টিতে তাঁর রান ১০, ৬ ও শূন্য। ওপেনিং জুটিতে প্রত্যাশিত শুরু না পাওয়ায় চাপ বাড়ছে দলের উপর।

যদিও সঞ্জুকে নিয়ে উদ্বিগ্ন নন বোলিং কোচ মর্নি মর্কেল। মঙ্গলবার সাংবাদিকদের সামনে তিনি বলেন, “একটা ভাল ইনিংসই সঞ্জুকে চেনা ফর্মে ফিরিয়ে দেবে। ফর্ম সাময়িক বিষয়। আমরা এখন বিশ্বকাপের প্রস্তুতি পর্বে রয়েছি। আসল সময়ে সেরা ফর্মে থাকাটাই গুরুত্বপূর্ণ। নেটে ও ভাল ব্যাট করছে। আমার বিশ্বাস, যে কোনও ম্যাচেই ও বড় রান করবে।”

ভারতীয় শিবির যেখানে আত্মবিশ্বাসী, সেখানে বিপরীত ছবি নিউ জ়িল্যান্ড দলে। কিউয়িদের মূল উদ্বেগ অভিষেক শর্মাকে নিয়ে। সিরিজ়ের প্রথম তিন ম্যাচে ৭৬ গড়ে ১৫২ রান করেছেন অভিষেক। স্ট্রাইক রেট ২৭১.৪২—যা রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রতিপক্ষ শিবিরে।

নিউ জ়িল্যান্ডের বোলিং কোচ জ্যাকব ওরাম কার্যত স্বীকারই করে নিয়েছেন, অভিষেককে থামানোর কোনও নির্দিষ্ট উপায় খুঁজে পাচ্ছেন না তাঁরা। ওরামের কথায়, “ওকে থামানো খুব কঠিন। স্ট্রাইক রেটই সব বলে দেয়। মারতে শুরু করলে ওর ব্যাটিংয়ের কোনও দুর্বলতা খুঁজে পাওয়া যায় না। ক্রিকেটে সবচেয়ে কঠিন কাজ হল পরিকল্পনা বাস্তবায়ন করা।”

চতুর্থ ম্যাচেও ভারতের ওপেনিং জুটিতে পরিবর্তনের সম্ভাবনা কম। সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মাই ইনিংস শুরু করবেন। তিন নম্বরে থাকবেন ঈশান কিশন, চার নম্বরে অধিনায়ক সূর্যকুমার যাদব। পাঁচ নম্বরে শ্রেয়স আয়ার এবং ছয় নম্বরে শিবম দুবের খেলার সম্ভাবনা প্রবল। সাত নম্বরে রিঙ্কু সিংহ কার্যত নিশ্চিত।

সিরিজ় জেতা হয়ে যাওয়ায় এই ম্যাচে হার্দিক পাণ্ড্যকে বিশ্রাম দেওয়া হতে পারে। বোলিং বিভাগে ফিরতে পারেন বরুণ চক্রবর্তী। তিনি কুলদীপ যাদবের জায়গায় খেলতে পারেন। আগের ম্যাচে ভাল পারফর্ম করা রবি বিষ্ণোইয়ের প্রথম একাদশে থাকা প্রায় নিশ্চিত। দুই পেসার হিসেবে জসপ্রীত বুমরাহ ও অর্শদীপ সিংহ খেলতে পারেন। বিশ্রাম দেওয়া হতে পারে হর্ষিত রানাকে।

সব মিলিয়ে সিরিজ় জয়ের আনন্দের মাঝেই বিশাখাপত্তনমে ভারতীয় শিবিরের নজর ভবিষ্যৎ পরিকল্পনার দিকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.