বিনোদন

টলিউডের জট খুলতে নন্দনে বৈঠক, সভাপতিত্বে মিঠুন চক্রবর্তী

টলিউডে গিল্ড, প্রযোজক, পরিচালক ও টেকনিশিয়ানদের মধ্যে দীর্ঘদিনের মতবিরোধ এবং কাজের পরিবেশ নিয়ে তৈরি হওয়া জট কাটাতে এবার আলোচনার টেবিলে বসতে চলেছে ইন্ডাস্ট্রির একাধিক পক্ষ। আগামী ১৭ অগস্ট বিকেল ৪টেয় নন্দন ২ প্রেক্ষাগৃহে বসবে এই গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করতে সম্মতি দিয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের ১৪ অগস্টের নোটিস অনুযায়ী, বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন জগতের বিভিন্ন গিল্ড ও সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি প্রযোজক, পরিচালক ও পরিবেশকদেরও বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সরকারি তালিকায় রয়েছে মোট ২২টি গিল্ড ও সংগঠন। সহকারী পরিচালক, ক্যামেরা ও শব্দকর্মী থেকে শুরু করে মেকআপ শিল্পী, চিত্রনাট্যকার, সম্পাদক, শিল্প নির্দেশক, সঙ্গীতশিল্পী, পোশাক ও চুলসজ্জা কর্মী, সেট নির্মাণকর্মী, বিদ্যুৎকর্মী, লাইটম্যান, প্রোডাকশন সহকারী, স্টান্টম্যান, চালক এবং অন্যান্য টেকনিশিয়ানদের প্রতিনিধিত্ব থাকবে বৈঠকে।

এছাড়াও উপস্থিত থাকার কথা রয়েছে একাধিক বিশিষ্ট প্রযোজক, পরিচালক ও পরিবেশকের। ফলে শুধু সংগঠনগত সমস্যা নয়, শুটিং, টেকনিশিয়ান নিয়োগ, কাজের সুযোগ, গিল্ডের ভূমিকা এবং শিল্পের স্বাভাবিক পরিবেশ—একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

রাজনৈতিক পালাবদলের পর টলিউডের সংগঠন কাঠামো নিয়েও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সেই আবহে মিঠুন চক্রবর্তীর সভাপতিত্বে এই বৈঠককে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ইন্ডাস্ট্রির একাংশ।

এখন দেখার, দীর্ঘদিনের জমে থাকা সমস্যার কতটা সমাধান হয় এই আলোচনায়। নন্দনের বৈঠকের দিকেই তাই নজর বাংলা চলচ্চিত্র জগতের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.