আজ পবিত্র রথযাত্রা উপলক্ষে ওড়িশার পুরী যেন ভক্তির সাগরে পরিণত হয়েছে। ভোর থেকেই শ্রীজগন্নাথ মন্দির চত্বর এবং গ্র্যান্ড রোডে উপচে পড়েছে দেশ-বিদেশ থেকে আসা অসংখ্য ভক্তের ভিড়। সকাল ৬টায় মঙ্গলারতির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত এই মহোৎসব। দিনভর একের পর এক ধর্মীয় আচার পালনের পর বিকেল ৪টায় শুরু হবে রথ টানার পর্ব।
সকালের কর্মসূচি অনুযায়ী মঙ্গলারতির পর মৈলম, তড়প লাগি, রোষ হোম, অবকাশ, সূর্যপূজা, দ্বারপাল পূজা এবং সকালের ভোগ নিবেদনের আচার সম্পন্ন হয়। এরপর সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয় পাহান্ডি, যেখানে শ্রীজগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রাকে গর্ভগৃহ থেকে বের করে পৃথক তিনটি রথে আরোহন করানো হয়। দুপুরের মধ্যেই এই গুরুত্বপূর্ণ আচার শেষ হওয়ার কথা।
ছেরা পাহানরা-সহ অন্যান্য ঐতিহ্যবাহী রীতি সম্পন্ন হওয়ার পর বিকেল ৪টায় লক্ষ লক্ষ ভক্তের উপস্থিতিতে শুরু হবে রথ টানার মাহেন্দ্রক্ষণ। তিন দেবদেবী নিজ নিজ রথে চেপে শ্রীমন্দির থেকে গুণ্ডিচা মন্দিরের উদ্দেশে যাত্রা করবেন। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, গুণ্ডিচা মন্দিরকে মহাপ্রভুর মাসির বাড়ি হিসেবে গণ্য করা হয় এবং বছরে একবারই এই শুভ যাত্রা অনুষ্ঠিত হয়।
পুরীর রথযাত্রার অন্যতম বৈশিষ্ট্য হল প্রতি বছর নতুন কাঠ দিয়ে তিনটি রথ নির্মাণ করা হয়। আগের বছরের রথ পুনরায় ব্যবহার করা হয় না। এছাড়া ধর্ম, বর্ণ বা সম্প্রদায় নির্বিশেষে সকলের জন্য রথের দড়ি টানার সুযোগ থাকায় এই উৎসব সম্প্রীতি, সমতা ও সর্বজনীনতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবেও বিবেচিত হয়।
রথযাত্রাকে ঘিরে পুরী শহরে নিরাপত্তা ব্যবস্থাও নজিরবিহীন। অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েনের পাশাপাশি শহরজুড়ে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। যান চলাচল ও জনসমাগম নিয়ন্ত্রণে প্রশাসনের বিশেষ পরিকল্পনাও কার্যকর হয়েছে।
এবারের রথযাত্রা উৎসবের সূচি অনুযায়ী, ২০ জুলাই অনুষ্ঠিত হবে বহুড়া যাত্রা, ২৪ জুলাই সোনা বেশ, ২৬ জুলাই আধর পান এবং ২৭ জুলাই নীলাদ্রি বিজের মধ্য দিয়ে শেষ হবে মহাপ্রভুর এই বার্ষিক মহোৎসব।







