নয়াদিল্লি: মহাকাশে প্রথমবার মানুষ পাঠানোর ‘গগনযান’ অভিযানের শেষ মুহূর্তের প্রস্তুতির মাঝেই বড়সড় ধাক্কা খেল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)। গত কয়েক মাসে ইসরো থেকে পদত্যাগ করেছেন ১০০ জনেরও বেশি বিজ্ঞানী ও প্রযুক্তি কর্মী। হাই-প্রোফাইল বিজ্ঞানীদের এই আকস্মিক দলত্যাগের জেরে নড়েচড়ে বসেছে কেন্দ্র সরকার। ভবিষ্যতে যাতে যখন-তখন বিজ্ঞানীরা চাকরি ছাড়তে না পারেন, তার জন্য কড়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্রের মহাকাশ বিভাগ।
বেঙ্গালুরু ও তিরুঅনন্তপুরম থেকে গণ-ইস্তফা
টাইমস অফ ইন্ডিয়া-র রিপোর্ট অনুযায়ী, ইস্তফা দেওয়া ১২০ জন বিজ্ঞানীর মধ্যে বড় অংশই অত্যন্ত অভিজ্ঞ।
বেঙ্গালুরুর ইউ আর রাও স্যাটেলাইট সেন্টার (URSC) থেকেই পদত্যাগ করেছেন ৮০ জন বিজ্ঞানী।
তিরুঅনন্তপুরমের বিক্রম সারাভাই স্পেস সেন্টার (VSSC) থেকে ইস্তফা দিয়েছেন ২০ জন। ইস্তফাকারীদের তালিকায় রয়েছেন চন্দ্রযান-৩ এবং SpaDeX প্রজেক্টের ডিরেক্টর আদিত্য রাল্লাপল্লি এবং LVM3 প্রজেক্টের ডিরেক্টর ভিক্টর জোসেফ-এর মতো হেভিওয়েট নাম।
ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন বিষয়টিকে ‘স্বাভাবিক বদলি’ হিসেবে দেখানোর চেষ্টা করলেও, এই গণ-পদত্যাগে সংস্থার কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
কেন ইসরো ছাড়ছেন বিজ্ঞানীরা? এই গণ-ইস্তফার পেছনে মূলত দুটি কারণ উঠে আসছে: বেসরকারি স্পেস স্টার্টআপের আকর্ষণ: ভারতে মহাকাশ খাত বেসরকারি বিনিয়োগের জন্য খুলে দেওয়ার পর বিভিন্ন স্টার্টআপ অভিজ্ঞ বিজ্ঞানীদের বিপুল বেতনে নিজেদের সংস্থায় টানছে।
বেতন বৈষম্য: ইসরোর বেতন কাঠামো নিয়ে ক্ষোভ রয়েছে বিজ্ঞানীদের মধ্যে। খোদ প্রাক্তন ইসরো চেয়ারম্যান এস. সোমনাথও আক্ষেপ করে বলেছিলেন, আইআইটি (IIT)-র একজন ফ্রেশার বেসরকারি সংস্থায় যে মাইনে পান, ইসরোর শীর্ষ বিজ্ঞানীর সর্বোচ্চ বেতনও প্রায় সেই আড়াই লক্ষ টাকার কাছাকাছি। ফলে প্রতিভাবানরা মুখ ফিরিয়ে নিচ্ছেন।







