রাজনীতি

পালা বদলের পর অভিযোগ, এবার গ্রেফতার প্রাক্তন বিধায়কের ছেলে তীর্থঙ্কর ঘোষ

পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তথা ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তীর্থঙ্কর ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। হুগলির মগরার বাসিন্দা ও পেশায় গাড়িচালক পার্থ সরকারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে রবিবার ভোররাতে দক্ষিণেশ্বর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। সোমবার তাঁকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হবে।

পুলিশ সূত্রের খবর, ঘটনাটির সূত্রপাত ২০২৪ সালের নভেম্বর মাসে। অভিযোগ, পার্থ সরকার একটি লটারিতে ১ কোটি টাকা জেতেন। সেই খবর জানার পর কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারের একটি হোটেলের মালিক সুশান্ত সরকার তাঁকে নির্মল ঘোষের বাড়িতে নিয়ে যান। সেখানে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করে তাঁর কাছ থেকে লটারির টিকিট কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ।

এই ঘটনায় তীর্থঙ্কর ঘোষের পাশাপাশি প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, পানিহাটি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৎকালীন তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাস এবং হোটেল মালিক সুশান্ত সরকারের নামও অভিযোগে রয়েছে। ইতিমধ্যেই সুশান্ত সরকারকে গ্রেফতার করেছে খড়দা থানার পুলিশ। জয়ন্ত দাসও এই মামলায় গ্রেফতার হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

অভিযোগকারীর দাবি, দীর্ঘদিন ভয়ে মুখ খুলতে পারেননি তিনি। পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয় এবং একের পর এক পদক্ষেপ নিচ্ছে পুলিশ।

এদিকে, নির্মল ঘোষকে ঘিরে আগেও একাধিক বিতর্ক সামনে এসেছে। অভয়কাণ্ডে তাঁর ভূমিকা নিয়ে নিহত চিকিৎসকের পরিবারের পক্ষ থেকেও প্রশ্ন তোলা হয়েছিল। যদিও সেই অভিযোগ অস্বীকার বা এড়িয়ে গিয়েছেন তিনি।

লটারির কোটি টাকার টিকিটকে কেন্দ্র করে এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তে আরও নতুন তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.