দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের পর আবারও অভিনয়ে ফিরছেন অভিনেত্রী তথা বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। তবে এবার কোনও বাণিজ্যিক বা সামাজিক চরিত্রে নয়, একেবারে পৌরাণিক আবহে বড়পর্দায় দেখা যাবে তাঁকে। পরিচালক সত্যব্রতের নতুন বাংলা ছবি ‘নবদুর্গা’-তে দেবীর নয়টি শক্তির প্রতীকী রূপের সমন্বয়ে গড়া কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। আগামী ২৪ জুলাই, কলকাতার নন্দন-৩ প্রেক্ষাগৃহে ছবিটির বিশেষ প্রদর্শনীর মাধ্যমে দর্শকদের সামনে আসবে এই নতুন উদ্যোগ।
ছবির মূল ভাবনা আবর্তিত হয়েছে দেবী পার্বতীর নবদুর্গা রূপকে ঘিরে। শৈলপুত্রী থেকে সিদ্ধিদাত্রী—দেবীর নয়টি শক্তির প্রকাশ, তাঁদের পৌরাণিক তাৎপর্য এবং শুভশক্তির জয়ের বার্তাকেই সিনেমার মূল উপজীব্য করা হয়েছে। নির্মাতাদের দাবি, ধর্মীয় আখ্যানের পাশাপাশি নারীর শক্তি, সাহস ও মাতৃত্বের প্রতীক হিসেবেও দেবীর বিভিন্ন রূপকে তুলে ধরা হয়েছে এই ছবিতে।
পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য ও সংলাপও লিখেছেন সত্যব্রত। পাপিয়া অধিকারীর সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন নিবেদিতা সেন, বিল্বদল চট্টোপাধ্যায়, অর্পণ কুমার শর্মা, অনির্বাণ চৌধুরী, নীতিকণা, প্রবীর অধিকারী এবং সঙ্গীতা ভট্টাচার্য-সহ একাধিক শিল্পী। আবহসঙ্গীত ও সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন কুন্দন সাহা ও শ্বেতা গুপ্ত। ছবির গানে কণ্ঠ দিয়েছেন অনুপ জলোটা, পণ্ডিত তুষার দত্ত, রিয়া ও নীলিমা। দেবীস্তোত্র পাঠেও রয়েছেন একাধিক শিল্পী।
অভিনয়ের পাশাপাশি বর্তমানে প্রশাসনিক ও রাজনৈতিক দায়িত্বও সামলাচ্ছেন পাপিয়া অধিকারী। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ের পর তিনি টলিপাড়ার প্রশাসনিক দায়িত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। সেই ব্যস্ততার মধ্যেও অভিনয়ে তাঁর প্রত্যাবর্তন স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি করেছে দর্শক ও অনুরাগীদের মধ্যে।
শুধু অভিনয়ে ফেরা নয়, চলচ্চিত্র জগতের বিভিন্ন অমীমাংসিত সমস্যার সমাধানেও উদ্যোগী হয়েছেন তিনি। অতীতে রাজনৈতিক পরিস্থিতির কারণে গিল্ড ছেড়ে যেতে বাধ্য হওয়া পরিচালক ও কলাকুশলীদের পুনরায় মূলধারার সংগঠনে ফিরিয়ে আনার বার্তাও দিয়েছেন বলে জানা গিয়েছে।
রাজনীতি ও অভিনয়—দুই জগতের ভারসাম্য বজায় রেখে পাপিয়া অধিকারীর এই নতুন ইনিংস দর্শকদের কতটা আকৃষ্ট করে, এখন সেটাই দেখার অপেক্ষা।







