আমেরিকার ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটেলে একটি ফুড ফেস্টিভাল মুহূর্তের মধ্যে পরিণত হল রক্তাক্ত ঘটনায়। রবিবার সন্ধ্যায় উৎসব চলাকালীন আচমকাই শুরু হয় এলোপাথাড়ি গুলি, যার জেরে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের মধ্যে রয়েছে মাত্র ২ বছরের একটি শিশুও।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সপ্তাহান্তের ছুটিতে ফুড ফেস্টিভালে ভিড় ছিল উপচে পড়া। ঠিক সেই সময়ই আচমকা এক বন্দুকধারী গুলি চালাতে শুরু করলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করেন উপস্থিত শতাধিক মানুষ। কয়েক সেকেন্ডের মধ্যেই উৎসবের আনন্দ বদলে যায় আতঙ্ক ও বিশৃঙ্খলায়।
ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শিশুসহ বাকিদের চিকিৎসাও চলছে।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘটনার একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। কোথাও দেখা যাচ্ছে, গুলিবিদ্ধ এক মহিলাকে নিরাপত্তারক্ষীরা দ্রুত সরিয়ে নিয়ে যাচ্ছেন। আবার অন্য একটি ভিডিওতে আতঙ্কিত মানুষের দৌড়ে পালানোর দৃশ্য ধরা পড়েছে।
গুলিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও জরুরি পরিষেবার কর্মীরা। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং সাধারণ মানুষের প্রবেশ আপাতত বন্ধ রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, কী কারণে এই হামলা এবং এর নেপথ্যে কে বা কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহের পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ এক্স (সাবেক টুইটার)-এ একটি বার্তা দিয়ে স্থানীয়দের ঘটনাস্থল এড়িয়ে চলার অনুরোধ করেছে। একই সঙ্গে জানানো হয়েছে, গুলিকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা চলছে।







