ইউক্রেন জুড়ে এক রাতে রাশিয়া নজিরবিহীনভাবে আকাশপথে হামলা চালিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেছেন যে, দেশজুড়ে চালানো এই হামলায় ৪৭০টিরও বেশি ড্রোন এবং বিভিন্ন ধরনের ৪৮টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ভয়াবহ এই হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৯ জন নিহত এবং অসংখ্য মানুষ আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।বুধবার সকালে প্রেসিডেন্ট জেলেনস্কি হামলার পরবর্তী অবস্থার ভিডিও প্রকাশ করেছেন। সেখানে দেখা যায়, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে উদ্ধার ও অগ্নি নির্বাপণ কাজ চলছে। তিনি জানান, ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন।প্রেসিডেন্ট বলেন, “রাশিয়া রাতারাতি ইউক্রেনের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর মধ্যে ক্রুজ এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছিল।”
তেরনোপিল নামক এক নয়তলা আবাসিক ভবনে আঘাত হানায় আগুন লেগে যায়। ক্ষয়ক্ষতি ব্যাপক এবং অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।খারকিভ শহরেও বড় ধরনের হামলা হয়, যেখানে শিশুসহ কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। জ্বালানি, পরিবহন এবং নাগরিক পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।ইভানো-ফ্রাঙ্কিভস্ক এবং লভিভ অঞ্চলে বিদ্যুৎ ও জ্বালানি পরিকাঠামো লক্ষ্যবস্তু হয়েছে। এছাড়া কিয়েভ, মাইকোলাইভ, চেরকাসি, চেরনিহিভ এবং নিপ্রো অঞ্চলেও হামলা চালানো হয়েছে।
এই রক্তক্ষয়ী হামলা এমন এক সময় ঘটল, যখন প্রেসিডেন্ট জেলেনস্কি চলতি সপ্তাহে সংঘাত নিরসনের লক্ষ্যে শান্তি আলোচনা শুরু করার জন্য তুরস্ক সফরের ঘোষণা দিয়েছিলেন।







