নিজস্ব সংবাদদাতা: মরণোত্তর অঙ্গদানে একই গ্রহীতার শরীর পেল দু’টি অঙ্গ শুক্রবার এমনই এক ঘটনার সাক্ষী থাকল কলকাতা। একই গ্রহীতার শরীরে প্রতিস্থাপন করা হল দু’টি অঙ্গ। ওইদিন ভোর থেকে শুরু হয়ে রাত পর্যন্ত এসএসকেএমে চলেছে অস্ত্রোপচার।
‘ন্যাশনাল অর্গান অ্যান্ড টিসু ট্রান্সপ্লান্ট অর্গানাইজ়েশন’ (নোটো)-এর তথ্য বলছে, একই মানুষের শরীরে দু’টি অঙ্গ প্রতিস্থাপন হয়েছে, এখনও পর্যন্ত ২১ জনের। এবার সেই তালিকায় যুক্ত হল এসএসকেএমের এই প্রতিস্থাপনের ঘটনাটি। এর আগে আর এন টেগোর হাসপাতালে একই সঙ্গে কিডনি ও যকৃৎ প্রতিস্থাপনের ঘটনা ঘটলেও, সে ক্ষেত্রে অঙ্গদাতা ছিলেন জীবিত। নোটো-র আধিকারিকেরা জানাচ্ছেন, মরণোত্তর অঙ্গদানে এক জন গ্রহীতার শরীরে একই সঙ্গে কিডনি এবং যকৃৎ প্রতিস্থাপনের ঘটনা পূর্ব ভারতে প্রথম বার হচ্ছে।
উল্লেখ্য উত্তর ২৪ পরগনার বাসিন্দা জগদীশ মণ্ডল একটি দোকানে কাজ করতেন। গত ২১ অগস্ট দুপুরে রাস্তা পারাপারের সময় দ্রুত গতিতে আসা বাইকের ধাক্কায় গুরুতর আহত হন। বাইকের চাকা বছর আটচল্লিশের ওই ব্যক্তির মাথার উপরে উঠে যায়।এরপর জগদীশকে এসএসকেএমের ট্রমা কেয়ারে ভর্তি করা হয়। কিন্তু, ক্রমশ তাঁর অবস্থার অবনতি হচ্ছিল। বৃহস্পতিবার চিকিৎসকেরা ,জগদীশের ব্রেন ডেথ ঘোষণা করেন। এর পরে তাঁর পরিজনেরা মরণোত্তর অঙ্গদানে সম্মতি দেন।
জগদীশের একটি কিডনি ও যকৃৎ পেলেন,৩৪ বছরের যুবক অমিত কুমার।যিনি বিহারের বাসিন্দা।অমিতের পরিজনেরা জানাচ্ছেন, ছোট থেকেই তাঁর কিডনির সমস্যা ছিল। ২০০৮ সালে চিকিৎসা করাতে আসেন কলকাতায়।এখানেই শুরু হয় তাঁর ডায়ালিসিস। তাঁর বাবার একটি কিডনি অমিতের শরীরে প্রতিস্থাপনের জন্য তাঁরা পিজিআই-চণ্ডীগড়ে যান। সেখানে ধরা পড়ে, ওই যুবক হেপাটাইটিস সি-তে আক্রান্ত।কলকাতায় ফিরে কিডনির পাশাপাশি হেপাটাইটিসেরও চিকিৎসা শুরু হয় অমিতের। কয়েক বছর পরে সেটি সারলেও, পেটে জল জমতে থাকে তাঁর। শেষে ২০২১ সালে এসএসকেএমে হেপাটোলজিস্ট অভিজিৎ চৌধুরীকে দেখান। পরীক্ষায় জানা যায়, সিরোসিস অব লিভারে আক্রান্ত অমিত।
চিকিৎসক অভিজিৎ বলেন,‘‘লিভার খারাপ থাকলে শুধু কিডনি প্রতিস্থাপন করে কোন লাভ হতো না। তাই ওই যুবককে দু’টি অঙ্গই প্রতিস্থাপনের পরামর্শ দিই।’’ অমিত রাজি হওয়ায় শুক্রবার ভোরে শুরু হয় প্রতিস্থাপন প্রক্রিয়া। সফলভাবেই হয় তাঁর প্রতিস্থাপন।
অন্য দিকে, জগদীশের আরও একটি কিডনি পেয়েছেন এসএসকেএমের আরও এক ৩২ বছরের যুবক এবং হৃৎপিণ্ড পেয়েছেন মেডিকা হাসপাতালে চিকিৎসাধীন বছর চল্লিশের এক রোগী।







