রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে ঘিরে ফের উত্তাল রাজনীতি। বৃহস্পতিবার রাতেই তাঁর নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার পরদিনই সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। শুভেন্দুর দাবি, “মুখ্যমন্ত্রী যে ভাষায় মনোজ আগরওয়ালকে আক্রমণ করেছেন, তা প্রশাসনিক সৌজন্যের পরিপন্থী এবং গণতন্ত্রের জন্য বিপজ্জনক।”
প্রসঙ্গত, বৃহস্পতিবার এসআইআর (SIR) ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁর বক্তব্য, এসআইআরের নামে রাজ্যে এনআরসি চালুর চেষ্টা চলছে। সেই সময়েই কমিশনকেও নিশানা করে বলেন, “এখানে যিনি রাজ্য থেকে গিয়েছেন, তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। সময় এলেই বলব। তিনি যেন বেশি বাড়াবাড়ি না করেন।” এই মন্তব্যের জেরেই শুরু বিতর্ক।
শুভেন্দুর অভিযোগ, “মমতা বন্দ্যোপাধ্যায় আসলে নির্বাচন কমিশনকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন। আমি এটাকে রাজনৈতিক ভাষা বলব না, বরং গুন্ডামির ভাষা বলব।” তিনি প্রশ্ন তোলেন, “মুখ্যমন্ত্রী যদি মনোজ আগরওয়ালের বিরুদ্ধে প্রমাণ রাখেন, তাহলে তা প্রকাশ করুন। কোন আধিকারিককে কীভাবে তিনি ধমকেছেন, সেটা রাজ্যের মানুষ জানতে চায়।”
একইসঙ্গে মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে শুভেন্দুর হুঁশিয়ারি, “আপনি যদি সোমবারের মধ্যে তথ্যপ্রমাণসহ দুর্নীতির অভিযোগ প্রকাশ না করেন, তাহলে ধরে নেব আপনি ভয় পেয়েছেন—ক্ষমতা হারানোর ভয়। তারপর আমরা আইএএস, আইপিএস ও সিএমও স্টাফদের একাধিক দুর্নীতির খতিয়ান প্রকাশ করব।”
ফলে মমতা বনাম শুভেন্দু দ্বন্দ্বে ফের গরম রাজ্য রাজনীতি। কমিশনের সামনে এবার মুখ্যমন্ত্রীকেই কোণঠাসা করতে মরিয়া বিরোধী দলনেতা।







