নিজস্ব সংবাদদাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলাতে তাঁকে ‘চাপ’দেওয়া হচ্ছে – কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে এই অভিযোগ জানিয়ে জেলে বসে চিঠি লিখেছিলেন কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলের সেই ‘বিতর্কিত’ চিঠির অভিযোগ ভিত্তিহীন বলে শুক্রবার দাবি করল সিবিআই। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রিপোর্ট দিয়ে সিবিআই জানায়, কুন্তলের অভিযোগ ভিত্তিহীন।
দু’দিন আগেই সুপ্রিম কোর্টে অভিষেক-মামলার অগ্রগতি নিয়ে প্রশ্ন করা হয়েছিল তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে। শীর্ষ আদালতের নির্দেশের প্রেক্ষিতে বিশেষ কিছু মন্তব্য করতে চাননি তিনি। বলেছিলেন,‘সুপ্রিম কোর্টের বিষয়টি নিয়ে আমি কোনও মন্তব্য করব না। এটা আদালতের রায়। অভিষেক জ্ঞানত কোনও অপরাধ করেননি। সুপ্রিম কোর্টের কোনও নির্দেশের উপর দাঁড়িয়ে আমি এখন কোনও মন্তব্য করব না।’
উল্লেখ্য গত ২০ মে কলকাতার নিজাম প্যালেসে সাড়ে নয় ঘণ্টারও অধিক সময় ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারীরা। পরবর্তীতে, অভিষেককে তলব করেছিল ইডিও। কিন্তু ইডির দফতরে হাজিরা দেননি তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড।







