নয়াদিল্লি: ফের বিস্ফোরণের আতঙ্ক রাজধানীতে! বৃহস্পতিবার সকালে দিল্লির মহিপালপুর এলাকায় র্যাডিসন হোটেলের কাছে আচমকাই বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, সকাল ৯টা ১৮ মিনিট নাগাদ জোরালো আওয়াজ শোনেন তাঁরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দিল্লি পুলিশ ও দমকল বাহিনীর তিনটি ইঞ্জিন।
তবে প্রাথমিক তদন্তের পরই বিস্ফোরণের তত্ত্ব খারিজ করেছে দিল্লি পুলিশ। তাঁদের দাবি, আপাতত কোনও সন্দেহজনক বস্তু বা বিস্ফোরণের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনাস্থলে পৌঁছে তাঁরা এলাকার প্রতিটি কোণ তল্লাশি চালান, কিন্তু কোনও ধরনের বিস্ফোরক বা ধ্বংসাবশেষ মেলেনি।
পুলিশের এক আধিকারিক বলেন, “৯.১৮ মিনিটে আমাদের কাছে ফোন আসে। ঘটনাস্থলে গিয়ে দেখি, স্থানীয়রা শুধু আওয়াজ শুনেছেন, কিন্তু কোনও ক্ষয়ক্ষতি হয়নি। আপাতত মনে করা হচ্ছে, কেউ ভুয়ো ফোন করে থাকতে পারে।”
কোথা থেকে এই ফোন করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে স্থানীয়দের সঙ্গে কথা বলে গোটা ঘটনার সত্যতা যাচাই করছে পুলিশ।
রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে এলাকায় বাড়ানো হয়েছে টহল। সতর্ক দমকল ও পুলিশ বাহিনী পরিস্থিতির দিকে নজর রাখছে।
সংক্ষেপে:
মহিপালপুরে র্যাডিসন হোটেলের কাছে বিস্ফোরণের খবর
দমকলের ৩টি ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে
বিস্ফোরণের তত্ত্ব খারিজ করল দিল্লি পুলিশ
সন্দেহ, ভুয়ো ফোনে ছড়িয়েছে আতঙ্ক
তদন্তে নেমেছে দিল্লি পুলিশ







