ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে মাঝআকাশে ভয়াবহ প্রযুক্তিগত বিপর্যয়। আচমকাই প্রায় ৩০০ ফুট নীচে নেমে যায় বিমানটি। প্রবল ঝাঁকুনিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। যাত্রী এবং কেবিন ক্রু মিলিয়ে অন্তত ১৭ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। অটোপাইলট বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পাশাপাশি বিমানে ‘ট্রিপল হাইড্রোলিক ফেলিউর’-এর মতো গুরুতর যান্ত্রিক সমস্যাও দেখা দেয়।
গত ৪ অগস্ট এয়ারবাস এ৩২০ মডেলের (VT-EXO) AI2379 বিমানটিতে ১৩৭ জন যাত্রী এবং ৮ জন ক্রু সদস্য ছিলেন। মাঝ আকাশে আচমকাই শুরু হয় তীব্র ঝাঁকুনি। সেই সময় অটোপাইলট কাজ করা বন্ধ করে দিলে সহ-পাইলট ম্যানুয়ালি বিমানের নিয়ন্ত্রণ নেন। এরপরই ফ্লাইট-কন্ট্রোল স্টল সংক্রান্ত সতর্কবার্তা দেখা যায়। সাময়িকভাবে বন্ধ হয়ে যায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইন্ডিকেটরও। বিমান পরিচালনা এবং নেভিগেশনের জন্য গুরুত্বপূর্ণ হাইড্রোলিক সিস্টেমে একাধিক ত্রুটি দেখা দেওয়ায় পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হয়ে ওঠে। তবে দক্ষতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শেষ পর্যন্ত বিমানটিকে নিরাপদে দিল্লিতে অবতরণ করান পাইলটরা।
ঘটনাটিকে ‘গুরুতর দুর্ঘটনা’ হিসেবে চিহ্নিত করে তদন্ত শুরু করেছে ভারতের এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বা AAIB। বিমানটি এয়ারবাসের তৈরি হওয়ায় আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী তদন্তে ভারতীয় সংস্থাকে সহযোগিতা করবে ফ্রান্সের বিমান দুর্ঘটনা তদন্তকারী সংস্থা BEA এবং এয়ারবাসের বিশেষজ্ঞ দল। বিমানের ফ্লাইট ডাটা এবং ককপিট ভয়েস রেকর্ডার-সহ অন্যান্য তথ্য খতিয়ে দেখে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।
এক যাত্রীর দাবি, বিমানটি হঠাৎ নীচের দিকে নামতে শুরু করতেই যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়। অনেকে চিৎকার শুরু করে দেন। প্রবল ঝাঁকুনিতে এক শিশু পিছনের দিকে ছিটকে পড়ে এবং বেশ কয়েকজন যাত্রী হাড় ও পাঁজরে আঘাত পান বলেও জানা গিয়েছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু জানিয়েছেন, প্রায় পাঁচ মিনিট ধরে এই টারবুল্যান্স চলেছিল। চারজন কেবিন ক্রু সদস্যের ঘাড় ও মেরুদণ্ডে গুরুতর চোট লেগেছে বলেও জানিয়েছেন তিনি।
ঘটনার পর পাইলটদের বাধ্যতামূলক ড্রাগ পরীক্ষার প্রাথমিক রিপোর্ট নিয়েও তৈরি হয়েছে নতুন প্রশ্ন। প্রধান পাইলটের নমুনায় কিছু অসংগতি ধরা পড়ায় সেটি চূড়ান্ত পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুই পাইলটকেই সাময়িকভাবে উড়ান পরিচালনার দায়িত্ব থেকে সরিয়ে রাখা হয়েছে।







