বিনোদন

জিতুর বন্ধু-ম্যানেজার সেজে প্রতারণার অভিযোগ, অশালীন প্রস্তাবেরও দাবি! সতর্ক করে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি অভিনেতার

অভিনেতা জিতু কমলের নাম করে প্রতারণার অভিযোগ। কখনও তাঁর বন্ধু, কখনও আবার ম্যানেজার পরিচয় দিয়ে সোশ্যাল মিডিয়া ও ফোনে যোগাযোগ করা হচ্ছে বলে দাবি অভিনেতার। শুধু টাকা বা উপহার চাওয়াই নয়, তাঁর নাম ব্যবহার করে অশালীন প্রস্তাব দেওয়ারও অভিযোগ উঠেছে।

বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অনুরাগীদের সতর্ক করেন জিতু। তিনি জানান, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কিংবা ফোনে কেউ যদি তাঁর প্রতিনিধি সেজে যোগাযোগ করেন এবং তাঁর নামে টাকা, উপহার বা কোনও মূল্যবান সামগ্রী দাবি করেন, তাহলে যেন কেউ সেই প্রস্তাবে সাড়া না দেন।

অভিনেতার আরও দাবি, প্রতারকরা তাঁর বন্ধু বা ম্যানেজার পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করছে। এমনকি কিছু ক্ষেত্রে তাঁর নাম ব্যবহার করে অশালীন প্রস্তাবও দেওয়া হচ্ছে।

জিতু জানিয়েছেন, কারও সঙ্গে ইতিমধ্যেই এমন ঘটনা ঘটে থাকলে তাঁকে সরাসরি বিষয়টি জানাতে। তাঁর দাবি, সম্প্রতি কলকাতার এক পরিচিত শিল্পী এবং এক বিশিষ্ট অভিনেত্রীর পরিবারের কাছ থেকে তাঁর নাম ব্যবহার করে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।

ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে অবশ্য বিস্তারিত কিছু জানাননি অভিনেতা। তবে বিষয়টি নিয়ে প্রয়োজনে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

জিতুর এই সতর্কবার্তার পর সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাঁকে আগেভাগে বিষয়টি প্রকাশ্যে এনে সতর্ক করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। অনুরাগীদেরও তাঁর নাম ব্যবহার করে আসা কোনও সন্দেহজনক ফোন বা বার্তায় সাড়া না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.