কংগ্রেসের জাতীয় সম্মেলন থেকে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে কড়া বার্তা দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়ে তাঁর দাবি, সরকার যতদিন না পদত্যাগ করছে, ততদিন বিরোধীদের আন্দোলন থামবে না।
রাহুলের বক্তব্য, কংগ্রেসের সঙ্গে বিরোধী দলগুলির সমন্বয় এখন আরও শক্তিশালী হয়েছে। তাঁর দাবি, এই লড়াই কোনও ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, দেশের নীতি, গণতন্ত্র, সংস্কৃতি এবং সাধারণ মানুষের অধিকার রক্ষার লড়াই।
বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে কাঠগড়ায় তোলেন রাহুল। ইরান-আমেরিকা সংঘাতের প্রসঙ্গ টেনে তাঁর অভিযোগ, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের যে কূটনৈতিক প্রভাব ছিল, তা নষ্ট হয়েছে। একইসঙ্গে চিন সীমান্ত নিয়েও প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলেন তিনি। অরুণাচল প্রদেশ ও গালওয়ান প্রসঙ্গ তুলে সরকারের অবস্থান নিয়ে সরব হন বিরোধী দলনেতা।
এর পাশাপাশি বিজেপি ও আরএসএসের মতাদর্শ নিয়েও তীব্র আক্রমণ করেন রাহুল। তাঁর অভিযোগ, সাধারণ মানুষের কণ্ঠস্বরকে দুর্বল করে দেশের সুবিধা নির্দিষ্ট কিছু শিল্পগোষ্ঠীর হাতে তুলে দেওয়া হচ্ছে। আদানি-সহ শিল্পপতিদের প্রসঙ্গও উঠে আসে তাঁর বক্তব্যে।
সম্মেলনে দলীয় কর্মীদের উদ্দেশে রাহুলের বার্তা ছিল আরও আক্রমণাত্মক। তাঁর কথায়, বিরোধীদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। সরকারকে চাপে রাখতে আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
সব মিলিয়ে কংগ্রেসের জাতীয় সম্মেলনের মঞ্চ থেকে রাহুল গান্ধীর বক্তব্যে স্পষ্ট—কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই আগামী দিনে আরও তীব্র করার প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস এবং বিরোধী শিবির।







