রাজনীতি

‘নোংরা জঞ্জালে মুখ দেয়’, আরাবুলকে নজিরবিহীন কটাক্ষ নওশাদের

দলত্যাগী নেতা আরাবুল ইসলামকে এবার তীব্র ভাষায় আক্রমণ করলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। নাম না করে গ্রামের একটি বিশেষ প্রাণীকে মুখ-ঠুলি পরিয়ে রাখার প্রসঙ্গ টেনে আরাবুলকে কটাক্ষ করেছেন তিনি। নওশাদের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

আরাবুলের আইএসএফ ছাড়ার বিষয়ে প্রশ্ন করা হলে নওশাদ স্পষ্ট জানান, দল থেকে বেরিয়ে গিয়েছেন বলেই তাঁর বিরুদ্ধে কোনও কথা বলা হবে না, এমনটা নয়। তাঁর কথায়, “তিনি দল ছেড়ে বেরিয়ে গিয়েছেন বলেই তাঁর বিরুদ্ধে কথা বলব না, তা নয়। তবে আমরা গ্রামের দিকে কিছু প্রাণীকে মুখে জাল দিয়ে রাখি, যাতে তারা নোংরা কিছুতে মুখ না দেয়। কিন্তু তা সত্ত্বেও সেই সব প্রাণী মাঝেমধ্যেই নোংরা জঞ্জালে মুখ দেয়।”

আরাবুলকে অতীতে আইএসএফে নেওয়ার প্রসঙ্গও টেনে আনেন নওশাদ। তাঁর দাবি, সেই সময়ই তিনি বলেছিলেন, আরাবুলকে শুধরে নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ‘স্বৈরাচারী দল’ এবং ‘একনায়কতন্ত্র চলছে’— এমন অভিযোগ তুলে আইএসএফ ছেড়েছেন ভাঙড়ের নেতা আরাবুল ইসলাম। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় নিজেই দলত্যাগের কথা ঘোষণা করেন তিনি। তাঁর অভিযোগ, ভাঙড়জুড়ে দলের ‘লুম্পেন বাহিনী’ সাধারণ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে। সেই পরিস্থিতির প্রতিবাদেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান আরাবুল।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফে যোগ দিয়েছিলেন আরাবুল। সেই সময় তাঁর দাবি ছিল, তৃণমূলের জন্য দীর্ঘদিন কাজ করলেও দল তাঁকে বারবার অপমান করেছে। সেই ক্ষোভ থেকেই তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দেন তিনি। কিন্তু ভোটের ফল প্রকাশের কয়েক মাসের মধ্যেই পরিস্থিতি বদলে গেল। এবার নওশাদের দলের বিরুদ্ধেই প্রায় একই ধরনের অভিযোগ তুলে আইএসএফ ছাড়লেন তিনি।

রাজনৈতিক মহলের একাংশের মতে, শওকত মোল্লার প্রভাবে তৃণমূলে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ার পরই আইএসএফকে বেছে নিয়েছিলেন আরাবুল। তবে এবার তাঁর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কী হতে চলেছে, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

আরাবুলের রাজনৈতিক উত্থানও যথেষ্ট আলোচিত। ২০০৬ সালে ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে সিপিএম প্রার্থী মোশাররফ হোসেন লস্করকে হারিয়ে তৃণমূলের বিধায়ক হন তিনি। সেই সময় বিধানসভায় তৃণমূলের ৩০ জন বিধায়কের মধ্যে অন্যতম ছিলেন আরাবুল। তবে ২০১১ সালের বিধানসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী নান্নু হোসেনের কারণে তৃণমূলের ভোটে বিভাজন তৈরি হয়। শেষ পর্যন্ত সিপিএমের বাদল জমাদারের কাছে পরাজিত হন আরাবুল। এরপর ধীরে ধীরে দলের অন্দরে তাঁর গুরুত্ব কমে এবং পরবর্তীতে তাঁকে বহিষ্কার করা হয়।

এখন সবচেয়ে বড় প্রশ্ন, আইএসএফ ছাড়ার পর আরাবুল ইসলামের রাজনৈতিক গন্তব্য কোথায়? বর্তমানে তৃণমূল কংগ্রেসও কার্যত দুই শিবিরে বিভক্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির ছেড়ে একাধিক বিধায়ক ও সাংসদ আলাদা রাজনৈতিক মঞ্চ তৈরি করেছেন। ফলে আরাবুল কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিতে পারেন, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। যদিও তিনি সেই শিবিরের দিকে ঝুঁকলেও তাঁকে সেখানে আদৌ স্বাগত জানানো হবে কি না, সেটিও এখন বড় প্রশ্ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.