বিশ্ব

ইউরোপে তাপের তাণ্ডব! গরমে মৃত্যু ৩৫ হাজারের কাছাকাছি, সামনে আরও ভয়ঙ্কর আশঙ্কা

ইউরোপে এ বার গ্রীষ্ম যেন রীতিমতো মৃত্যুফাঁদ! তীব্র তাপপ্রবাহে চলতি গ্রীষ্মে গোটা মহাদেশে প্রাণ হারিয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সবচেয়ে বেশি মৃত্যুর খবর মিলেছে জার্মানিতে। তবে মৃতের সম্পূর্ণ পরিসংখ্যান এখনও প্রকাশ্যে না আসায় এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, জার্মানি, ফ্রান্স ও স্পেন—এই তিন দেশেই গরমের কারণে মৃত্যু হয়েছে প্রায় ২৫ হাজার। এর মধ্যে জার্মানির পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। রবার্ট কোচ ইনস্টিটিউটের হিসাব বলছে, ৬ এপ্রিল থেকে ৯ অগস্ট পর্যন্ত তাপপ্রবাহের সঙ্গে সম্পর্কিত কারণে সেখানে প্রায় ১৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

জার্মানির একাধিক আবহাওয়া কেন্দ্রে জুন মাসে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পেরিয়ে যায়। শুধু জার্মানিই নয়, ফ্রান্সেও তীব্র গরমের দাপট ছিল। প্রায় ৫০০টি আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী, জুনে বেশ কিছু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে উঠেছিল। মে থেকে ২২ জুলাইয়ের মধ্যে সেখানে গরমের কারণে মৃত্যু হয়েছে প্রায় ৭,৩০০ জনের।

স্পেনেও ছবিটা একই রকম উদ্বেগজনক। দীর্ঘ সময় ধরে দেশের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বা তারও বেশি ছিল। ফলে প্রবল গরমের প্রভাব পড়েছে সাধারণ মানুষের স্বাস্থ্যে।

বিশেষজ্ঞদের উদ্বেগের আরও বড় কারণ হল, ইউরোপে শুধু তাপমাত্রা বাড়ছে না—গ্রীষ্মের সময়কালও দীর্ঘ হচ্ছে। ‘ক্লাইমেট রেজ়িলিয়েন্স ফর অল ক্লেমস’-এর সমীক্ষায় ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে ৮৫টি দেশের তাপমাত্রার তথ্য বিশ্লেষণ করা হয়েছে। সেখানে ইউরোপের একাধিক শহরে গ্রীষ্মের সময় ক্রমশ দীর্ঘ হওয়ার প্রবণতা ধরা পড়েছে।

আবহবিদদের মতে, এই পরিস্থিতি আচমকা তৈরি হয়নি। গত কয়েক বছর ধরেই ইউরোপে ঘন ঘন তাপপ্রবাহ, অস্বাভাবিক উষ্ণতা এবং দীর্ঘস্থায়ী গরমের প্রবণতা দেখা যাচ্ছে। এবার সেই প্রবণতা আরও ভয়াবহ রূপ নিয়েছে।

পরিস্থিতি সামাল দিতে এখনই কার্যকর পদক্ষেপের দাবি তুলছেন বিশেষজ্ঞরা। কারণ আবহাওয়ার এই পরিবর্তন যদি একইভাবে চলতে থাকে, তা হলে আগামী বছরগুলিতে ইউরোপে তাপপ্রবাহ শুধু অস্বস্তির কারণ নয়, আরও বড় জনস্বাস্থ্য সংকটের রূপ নিতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.