বিশ্ব

বিপজ্জনক ফরমান!ভেনেজুয়েলার তেলের ভাণ্ডারে ট্রাম্পের ‘মাস্টারস্ট্রোক’!

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার ভাগ্য এখন পুরোপুরি হোয়াইট হাউসের হাতের মুঠোয়। ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারকে এক প্রকার হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছে, এখন থেকে তারা কার সঙ্গে বন্ধুত্ব করবে আর কার সঙ্গে শত্রুতা, তা ঠিক করে দেবে ওয়াশিংটন। এক কথায়, আমেরিকার শত্রু দেশগুলোর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখা চলবে না ভেনেজুয়েলার। এই তালিকার শীর্ষে রয়েছে চিন, রাশিয়া, ইরান ও কিউবা।

মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, তাদের বিশাল তেলের ভাণ্ডারের ওপর এখন থেকে শুধুমাত্র আমেরিকারই নিয়ন্ত্রণ থাকবে। ভেনেজুয়েলার খনি থেকে তোলা তেল কার কাছে বিক্রি করা হবে, তা ঠিক করবে ট্রাম্প প্রশাসন। আমেরিকা শর্ত দিয়েছে যে, যদি ভেনেজুয়েলা তাদের তেল উৎপাদন বাড়ানোর অনুমতি চায়, তবে আগে চিন ও রাশিয়ার মতো দেশগুলোর সঙ্গে কয়েক দশকের পুরনো বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, এটি ভেনেজুয়েলার বিদেশনীতিতে এক অভাবনীয় পরিবর্তন। ঐতিহাসিকভাবেই ভেনেজুয়েলা চিন ও রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র। এমনকি তাদের উৎপাদিত তেলের প্রায় ৭০ শতাংশই কেনে চিন। এছাড়া দেশটিতে রাশিয়া ও চিনের বিশাল অংকের অর্থনৈতিক বিনিয়োগ এবং প্রতিরক্ষা চুক্তি রয়েছে। এখন আমেরিকার চাপে পড়ে সেই বন্ধুদের ত্যাগ করা ভেনেজুয়েলার জন্য হিতে বিপরীত হতে পারে বলে মনে করা হচ্ছে। আসলে ভেনেজুয়েলার মাটিতে মজুত থাকা বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেলের ভাণ্ডার (প্রায় ৩০ হাজার কোটি ব্যারেল) কবজাই ছিল আমেরিকার মূল লক্ষ্য। মাদুরো সরকারকে সরিয়ে সেখানে নিজেদের পছন্দের প্রশাসন বসানোর পর এখন লুটপাটের নীল নকশা তৈরি হয়ে গিয়েছে। খোদ ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার বাজারমূল্যে কোটি কোটি ব্যারেল তেল আমেরিকাকে সরবরাহ করবে। আর সেই তেল বিক্রির টাকা কারাকাসের ভাঁড়ারে নয়, থাকবে ট্রাম্পের সরাসরি নিয়ন্ত্রণে। আমেরিকার দাবি, এই অর্থ দুই দেশের জনগণের কল্যাণে ব্যয় হবে, যদিও সমালোচকদের মতে এটি নিছকই খনিজ সম্পদ দখলের এক চতুর কৌশল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.