ব্যাডমিন্টনের হংকং ওপেনে ভারতের আশায় জল ঢেলে দিল চীনা প্রতিদ্বন্দ্বীরা। পুরুষদের সিঙ্গলস ও ডবলস—দুই ফাইনালেই রুপো জিততে হল ভারতীয়দের। একদিকে লক্ষ্য সেন স্ট্রেট সেটে পরাজিত, অন্যদিকে সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি প্রথম গেম জিতেও শেষ পর্যন্ত খেই হারালেন। ফলে সোনা অধরাই রয়ে গেল ভারতীয় শিবিরের জন্য।
সিঙ্গলস ফাইনালে লি সি ফেংয়ের বিরুদ্ধে শুরুটা দারুণ জমিয়ে দেন লক্ষ্য। প্রথম কয়েকটি পয়েন্টে সমানে সমান লড়াই চললেও ৯ পয়েন্টের পর থেকেই পিছিয়ে পড়তে শুরু করেন ভারতীয় শাটলার। ফেংয়ের ধারালো স্ম্যাশ রিটার্ন করতে ব্যর্থ হন তিনি। ১৫-২১ এ হেরে বসেন প্রথম গেমে। দ্বিতীয় গেমে চার পয়েন্টে এগিয়েও ছন্দ ধরে রাখতে পারেননি। একবার এগিয়ে যাওয়ার পর আর সুযোগ দেননি ফেং। ১২-২১ হেরে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় লক্ষ্যকে।
ডবলসে আশার আলো জ্বালিয়েছিল সাত্ত্বিক-চিরাগ জুটি। শীর্ষ বাছাই হিসেবে নামা এই জুটি প্রথম গেমে ২১-১৯ এ জয় পান। চিরাগের শক্তিশালী স্ম্যাশে সমস্যায় পড়ছিল প্রতিপক্ষ লিয়াং ওয়েই কেং ও ওয়াং চ্যাং। কিন্তু দ্বিতীয় গেম থেকে ম্যাচের ছবি বদলায়। নেটের সামনে চ্যাংয়ের তীক্ষ্ণ রিটার্ন ও লিয়াংয়ের ধারাবাহিক আক্রমণে ১৪-২১ এ হারতে হয় ভারতীয়দের।
নির্ণায়ক তৃতীয় গেমে আর প্রতিদ্বন্দ্বিতা ধরে রাখতে পারেননি সাত্ত্বিক-চিরাগ। ১১-২ ব্যবধানে এগিয়ে যায় চীনা জুটি। দর্শকদের সমর্থনও ছিল তাঁদের দিকে। শেষ পর্যন্ত ১৭-২১ হার মেনে নিতে হয় ভারতীয় জুটিকে। প্যারিস অলিম্পিক্সের রুপোজয়ী লিয়াং-চ্যাংয়ের অভিজ্ঞতা ও স্থিরতায় ভর করে চ্যাম্পিয়ন হয় চীন। ভারতের কাছে রইল কেবল রুপোর সান্ত্বনা।







