খেলাধুলা

ভারতের হারে ক্ষুব্ধ বিকাশ কোহলি: নাম না করেই কটাক্ষ গম্ভীরকে

দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে টেস্ট সিরিজে লজ্জাজনক পরাজয়ের পর ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের ভূমিকা নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে। এই বিতর্কের মধ্যেই এবার পরোক্ষভাবে গম্ভীরকে নিশানা করলেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির দাদা বিকাশ কোহলি। গুয়াহাটিতে ভারতের ভরাডুবির পর তিনি সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে দলের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘটনায় অনেকেই কোচ গম্ভীরের সঙ্গে তাঁর মতবিরোধকে দায়ী করেন। এবার বিকাশ কোহলি সরাসরি নাম না নিয়েই বুঝিয়ে দিলেন, দলের মধ্যে ‘কর্তৃত্ব’ দেখানোর প্রবণতা ভালো ফল আনেনি।

বিকাশ কোহলি তাঁর পোস্টের মাধ্যমে তীব্র হতাশা ব্যক্ত করেন। তিনি লেখেন, “একটা সময় ছিল যখন আমরা জেতার জন্য খেলতাম এমনকি বিদেশের কঠিন মাটিতেও। আর এখন? আমরা নিজেদের দেশের মাটিতেও ম্যাচ বাঁচানোর জন্য খেলছি।” তিনি মনে করেন, যখন ‘ভালো জিনিসও অযথা পাল্টে দেওয়া হয় এবং কর্তৃত্ব ফলানো হয়’, তখনই এমন খারাপ পরিস্থিতি তৈরি হয়।ভারতীয় ব্যাটিং ইউনিটের হতশ্রী পারফরম্যান্সের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ইডেনে স্পিন খেলার দুর্বলতা দেখা গিয়েছিল, আর গুয়াহাটিতে ব্যাটসম্যানরা মার্কো জানসেনের পেস ও বাউন্সের সামনে একেবারেই অসহায় ছিলেন। তাঁর মতে, দলে জেতার তাগিদ বা আগ্রাসী মনোভাবের অভাব প্রকট।

বিকাশ কোহলি দক্ষিণ আফ্রিকার রণনীতির প্রশংসা করার পাশাপাশি ভারতের পরিকল্পনা নিয়েও কড়া প্রশ্ন তোলেন। তিনি লেখেন, “ভারতের পরিকল্পনা কী? সিনিয়র ও অভিজ্ঞ খেলোয়াড়দের দল থেকে সরিয়ে দেওয়া। ৩, ৪ বা ৫ নম্বরে বিশেষজ্ঞ ব্যাটসম্যান না রেখে শুধু অলরাউন্ডার ব্যবহার করা।” অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা ‘বিশেষজ্ঞ ওপেনার, বিশেষজ্ঞ ৩, ৪, ৫ এবং ৬ নম্বর ব্যাটসম্যান’ খেলিয়ে খাঁটি টেস্ট দলের পরিচয় দিয়েছে বলে তিনি মনে করেন।
যদিও সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠার পর বিকাশ কোহলি পরবর্তীতে পোস্টটি ডিলিট করে দেন, কিন্তু তাঁর এই মন্তব্য ভারতের টেস্ট ক্রিকেটের বর্তমান পরিস্থিতি এবং ড্রেসিংরুমের ভেতরের সমীকরণ নিয়ে বিতর্ক আরও বাড়িয়ে দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.