বিশ্ব দাবার মঞ্চে নতুন ইতিহাস লিখলেন আর প্রজ্ঞানন্দ। প্রথম ভারতীয় দাবাড়ু হিসেবে গ্র্যান্ড চেস ট্যুরের শিরোপা জিতলেন চেন্নাইয়ের এই গ্র্যান্ডমাস্টার। ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ফাবিয়ানো কারুয়ানাকে হারিয়ে তাঁর এই সাফল্য। একসময় ছয় পয়েন্ট পিছিয়ে থেকে খাদের কিনারায় চলে যাওয়া প্রজ্ঞানন্দ যেভাবে ঘুরে দাঁড়িয়ে ট্রফি ছিনিয়ে নিলেন, তা রীতিমতো চমকে দিয়েছে দাবা মহলকে।
ক্লাসিক্যাল গেম শেষে কারুয়ানার বিরুদ্ধে ৩-৯ ব্যবধানে পিছিয়ে ছিলেন প্রজ্ঞানন্দ। ফাইনালে ছয় পয়েন্টের ব্যবধানে পিছিয়ে থাকায় তাঁর চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কার্যত ক্ষীণ হয়ে গিয়েছিল। কিন্তু সেন্ট লুইসে দুরন্ত প্রত্যাবর্তন ঘটান ভারতীয় তারকা। পরপর দু’টি র্যাপিড গেম জিতে ১১-৯ ব্যবধানে এগিয়ে যান তিনি। এরপর প্রথম ব্লিটজ ম্যাচটি ড্র হয়। দ্বিতীয় ব্লিটজে কারুয়ানা জিতে স্কোর ১২-১২ করে ফেলায় ম্যাচের উত্তেজনা চরমে ওঠে।
স্নায়ুর লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ী হন প্রজ্ঞানন্দ। তৃতীয় ব্লিটজ গেমে কারুয়ানাকে হারিয়ে ফের এগিয়ে যান তিনি। শেষ ম্যাচে জয়ের সুযোগ তৈরি হলেও ‘থ্রিফোল্ড রিপিটেশন’-এর মাধ্যমে ড্র করে শিরোপা নিশ্চিত করেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার। ছ’টি গেমের মধ্যে তিনটিতে জয়, দু’টিতে ড্র এবং মাত্র একটিতে হার—এভাবেই অসাধারণ প্রত্যাবর্তনের গল্প লিখলেন প্রজ্ঞানন্দ।
শিরোপা জয়ের পর নিজের অবিশ্বাসের কথা জানান প্রজ্ঞানন্দও। তিনি বলেন, ছয় পয়েন্ট পিছিয়ে থাকার কারণে ম্যাচ জেতার সম্ভাবনা খুব একটা দেখছিলেন না। তাঁর মতে, ওই পরিস্থিতি থেকে জিততে গেলে ঠিক এমনই পারফরম্যান্স করা প্রয়োজন ছিল। কারুয়ানার বিরুদ্ধে র্যাপিডে পরপর দু’টি জয়কেই তিনি ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখছেন। পাশাপাশি তাঁর দাবি, গত বছরের তুলনায় র্যাপিড এবং ব্লিটজে তাঁর অনেকটাই উন্নতি হয়েছে।
বছরের শুরুটা অবশ্য একেবারেই প্রত্যাশামতো কাটেনি প্রজ্ঞানন্দের। দ্বিতীয়বার ক্যান্ডিডেটস টুর্নামেন্টে অংশ নিয়েও সাফল্য পাননি। তবে এরপরই দুরন্ত ছন্দে ফেরেন তিনি। নরওয়ে চেসে ম্যাগনাস কার্লসেনকে দু’বার হারিয়ে শিরোপা জেতেন। এরপর সেন্ট লুইস র্যাপিড ও ব্লিটজের খেতাবও নিজের দখলে নেন। সিঙ্কফিল্ড কাপেও যুগ্মভাবে শীর্ষস্থান অর্জন করেন তিনি।
প্রজ্ঞানন্দের মতে, ক্যান্ডিডেটস জিততে পারলে অবশ্যই ভালো লাগত, তবে গ্র্যান্ড চেস ট্যুরের এই শিরোপার গুরুত্বও কম নয়। বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর এই প্রতিযোগিতার গুরুত্ব অত্যন্ত বেশি বলেও উল্লেখ করেন তিনি। এমন উচ্চমানের টুর্নামেন্ট জিততে মানসিক দৃঢ়তার প্রয়োজন হয় এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে পেরে তিনি খুশি।
এই ঐতিহাসিক জয়ের সঙ্গে বড় অঙ্কের আর্থিক পুরস্কারও পেলেন প্রজ্ঞানন্দ। তাঁর হাতে উঠল ২ লক্ষ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১ কোটি ৬৮ লক্ষ টাকা। একইসঙ্গে ২০২৭ সালের গ্র্যান্ড চেস ট্যুরেও নিজের জায়গা নিশ্চিত করলেন তিনি। সেন্ট লুইস এবং সিঙ্কফিল্ড কাপ মিলিয়ে চলতি বছরে এখনও পর্যন্ত মোট ৪ লক্ষ ৪ হাজার ৩৫৪ ডলার, অর্থাৎ প্রায় ৩.৪ কোটি টাকার পুরস্কারমূল্য জিতেছেন ভারতীয় তারকা।
টানা এক মাস দাবার বোর্ডে ব্যস্ত থাকার পর এবার প্রজ্ঞানন্দের নজর দাবা অলিম্পিয়াডে। আগামী ১৬ থেকে ২৭ সেপ্টেম্বর উজবেকিস্তানের সমরকন্দে শিরোপা ধরে রাখার লক্ষ্যে নামবে ভারতীয় দল। সেই লড়াইয়েও দলের অন্যতম প্রধান ভরসা হয়ে থাকবেন ইতিহাসগড়া প্রজ্ঞানন্দ।







