রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উদ্দেশে মন্তব্য বিতর্কে এবার সাফাই দিলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। এর প্রেক্ষিতে সংবাদমাধ্যমের সামনাসামনি হয়ে অখিল-উবাচ, ‘আমি রাষ্ট্রপতিকে কোনও কটাক্ষ করিনি। আমি একটা উদাহরণস্বরূপ বলেছি। আমিও সংবিধানের লোক। শুভেন্দু অধিকারী তো বলেছেন আমাকে কাকের মতো দেখতে, হাফ মন্ত্রী ইত্যাদি। আমি এও বলেছি রাষ্ট্রপতিকে আমি সম্মান করি। দেখতে খারাপ এটা নিয়ে তো মন্ত্রী পদের কোনও যোগ নেই। এটা ক্রোধের বশে বেরিয়ে এসেছে। সাংবিধানিক প্রধানকে আমি কটাক্ষ করতে পারি না।’
উল্লেখ্য, তৃণমূল সাংসদের বেফাঁস মন্তব্য ঘিরে কার্যতই সুর চড়ায় দলও। তৃণমূলের একের পর এক নেতা অখিল গিরির মন্তব্যের বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন। এছাড়াও তৃণমূলের তরফে ট্যুইট বিবৃতি জারি করে স্পষ্ট জানানো হয়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রয়েছে তাঁদের। বিধায়ক তথা প্রতিমন্ত্রী অখিল গিরির মন্তব্যের কড়া নিন্দা করছে দল। এই ধরনের মন্তব্যকে দল কখনওই সমর্থন করে না।
কার্যতই সমালোচনার জেরে সাংসদের গলায় উলটো সুর? সরব হয়েছে বিজেপিও। অমিত মালব্য লেখেন, ‘অখিল গিরি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য, রাষ্ট্রপতিকে অপমান করেছেন। বলেছেন, আমরা রূপের বিচার করি না, কিন্তু তোমাদের রাষ্ট্রপতিকে কেমন দেখতে? মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী বিরোধী। রাষ্ট্রপতি দ্রৌপদ্রী মুর্মুকে তিনি সমর্থন করেননি। এখন এই ঘটনা। লজ্জাজনক।’







