কলকাতারাজনীতি

জমি দখল ও অবৈধ নির্মাণ মামলায় ইডির জেরার মুখে তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে

জমি দখল এবং অবৈধ নির্মাণ সংক্রান্ত মামলার তদন্তে এবার তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডেকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার সকালে তিনি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হয়ে তদন্তকারী আধিকারিকদের মুখোমুখি হন।

ইডি সূত্রে জানা গিয়েছে, এই মামলার তদন্তে সম্প্রতি শ্রেয়া পাণ্ডের ঘনিষ্ঠ বলে পরিচিত কল্যাণ শুক্লাকে দীর্ঘ সময় ধরে জেরা করা হয়। সেই জিজ্ঞাসাবাদ থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তদন্তকারীদের হাতে আসে বলে দাবি। এরপরই শ্রেয়া পাণ্ডেকে তলব করার সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযোগ, নির্বাচনের আগে জাল নথি ব্যবহার করে সরকারি ও বেসরকারি জমি দখল এবং সেই জমিতে বেআইনি নির্মাণের মাধ্যমে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হয়েছে। এই মামলায় ইতিমধ্যেই ব্যবসায়ী জয় কামদার, ‘ত্রাস’ সোনা পাপ্পু এবং কলকাতা পুলিশের প্রাক্তন কর্তা শান্তনু সিনহাকে গ্রেপ্তার করেছে তদন্তকারী সংস্থা।

তদন্তের অংশ হিসেবে কয়েকদিন আগে কল্যাণ শুক্লার আরবানা আবাসনের ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। সেখানে বেশ কিছু নথি, ডিজিটাল তথ্য এবং মোবাইল ফোনের চ্যাট উদ্ধার হয়েছে বলে ইডির দাবি। তদন্তকারীদের সন্দেহ, বাজারদরের তুলনায় অনেক কম মূল্যে একাধিক সম্পত্তি কেনাবেচা করা হয়েছিল। সেই আর্থিক লেনদেনের সূত্র ধরেই তদন্ত এগোচ্ছে।

সূত্রের খবর, প্রায় ৯ ঘণ্টার ম্যারাথন জেরায় কল্যাণ শুক্লার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই শ্রেয়া পাণ্ডের নাম উঠে আসে। এরপর সোমবার তাঁকে তলব করে ইডি। জেরার সময় বেআইনি লেনদেনের অর্থ তাঁর কোনও অ্যাকাউন্টে পৌঁছেছিল কি না, সেই বিষয়েও তদন্তকারীরা খোঁজ নিচ্ছেন বলে জানা গিয়েছে।

তবে সিজিও কমপ্লেক্সে প্রবেশের সময় সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি শ্রেয়া পাণ্ডে। তদন্তের অগ্রগতির দিকে এখন নজর রাজনৈতিক মহলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.