শামির দেওয়া খোরপোশে আর খরচ চলছে না ! তাই এবার খোরপোশ বৃদ্ধির আবেদন প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের । এই আবেদন জানিয়ে , সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি । এই মর্মে , সুপ্রিম কোর্টের তরফে ভারতীয় ক্রিকেটারকে নোটিশও পাঠানো হয়েছে । নোটিশ পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারকেও ।
উল্লেখ্য , কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী , প্রতিমাসে মেয়ের দেখভালের জন্য আড়াই লক্ষ টাকা এবং হাসিনের জন্য দেড় লক্ষ টাকা করে দেন শামি । কিন্তু এবার হাসিনের দাবী , শামির দেওয়া ৪ লক্ষ টাকায় , খরচ চলছে না ।
সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ভারতীয় জোরে বোলার মহম্মদ শামি ও পশ্চিমবঙ্গ সরকারকে চার সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । তারপরেই মামলার পরবর্তী শুনানি হবে ।
প্রসঙ্গত , মডেল এবং অভিনেত্রী হাসিন জাহানের সঙ্গে ২০১৪ সালে বিয়ে হয় ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির। ২০১৫ সালে তাদের ঘরে আসে শিশুকন্যা । এরপরেই শুরু হয় বিবাদ । যাদবপুর থানায় শামি এবং তাঁর পরিবারের বিরুদ্ধে ২০১৮ সালে গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়ের করে মামলা করেন হাসিন। আর তারপর থেকেই আইনি লড়াই চলছে দুজনের মধ্যে।
তারপর বিবাহবিচ্ছেদের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হন শামির প্রাক্তন স্ত্রী। মামলার খরচ এবং অন্তর্বর্তিকালীন ভরণপোষণ জন্য মাসে ১০ লাখ টাকা করে দাবী করেন তিনি। যেখানে জাহানের নিজের জন্য ছিল ৭ লাখ এবং মেয়ের জন্য মাসে ৩ লাখ টাকা। কিন্তু নিম্ন আদালত খারিজ করে দেয় হাসিনের এই আবেদন । আলিপুর আদালতের তরফে শামি কে নির্দেশ দেওয়া হয় সন্তান বাবদ প্রতি মাসে ৮০,০০০ টাকা দেওয়ার জন্য। তবে পরে অবশ্য জেলা জজ হাসিন জাহানকেও মাসিক ৫০ হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দেন। তারপর কলকাতা হাইকোর্টের তরফে , সন্তান ও জাহান মিলিয়ে , শামিকে চার লক্ষ টাকা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয় । তবে এবার সেই টাকাতেও খরচ চলছে না বলে জানিয়েছেন শামির প্রাক্তন পত্নী ।







