দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের মাঝপথেই আচমকা বিরতি নিয়েছেন ভারতীয় দলের পেস আক্রমণের প্রধান ভরসা জসপ্রীত বুমরাহ। রবিবার ধর্মশালায় তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরু হওয়ার আগেই তিনি দল ছেড়ে নিজের শহর মুম্বইয়ে ফিরে এসেছেন। পারিবারিক জরুরি অবস্থার কারণে সিরিজের বাকি দুটো ম্যাচে তার খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বুমরাহর পরিবারের একজন সদস্য গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এই খবর পাওয়ার পরই জাতীয় দলের এই তারকা পেসার আর এক মুহূর্ত সময় নষ্ট করেননি। কঠিন সময়ে তিনি তার পরিবারের পাশে থাকতে চান। যদিও অসুস্থ সদস্যটি ঠিক কে, তা নির্দিষ্টভাবে জানা যায়নি, তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন সিনিয়র কর্মকর্তা নিশ্চিত করেছেন যে ওই ব্যক্তি বুমরাহর অত্যন্ত কাছের। বুমরাহর এই পরিস্থিতিতে দল এবং বোর্ডের সম্পূর্ণ সমর্থন রয়েছে। ওই আধিকারিক জানিয়েছেন, পেসারের ব্যক্তিগত সিদ্ধান্তকে তারা সম্মান করেন এবং এই মুহূর্তে পরিবারকেই তার অগ্রাধিকার দেওয়া উচিত। তিনি বলেন, “এখন তার কাছে পরিবারই আগে। যদি সব ঠিক থাকে, তবেই সে হয়তো চতুর্থ বা পঞ্চম ম্যাচের আগে দলে ফিরতে পারে।” আপাতত তিনি মুম্বইয়ের বাড়িতেই রয়েছেন।
বুমরাহ না খেললেও, ধর্মশালায় ভারত তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি সহজেই জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে। আগামীকাল বুধবার লক্ষ্ণৌতে ভারত চতুর্থ টি-টোয়েন্টি খেলতে নামবে। সেই ম্যাচে জিতলেই সিরিজ জয় নিশ্চিত হবে সূর্যকুমার যাদবদের। টি-টোয়েন্টি বিশ্বকাপের আর মাত্র দু’মাস বাকি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি এবং এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে আরও পাঁচটি ম্যাচ সহ মোট সাতটি ম্যাচ ভারতের জন্য বিশ্বকাপের প্রস্তুতি সারার শেষ সুযোগ। তাই প্রতিটি ম্যাচই এখন অধিনায়ক সূর্যকুমার ও দলের জন্য অত্যন্ত জরুরি।







