নাগপুরে প্রথম ওয়ানডেতে ভারত ৪ উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল। ২৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬৮ বল বাকি থাকতেই ম্যাচ শেষ করে ভারত, যদিও শেষদিকে কিছুটা বিশৃঙ্খলা দেখা যায়। তবে শুবমান গিল (৮৭), শ্রেয়স আইয়ার (৫৯) ও অক্ষর প্যাটেলের (৫২) দাপট ইংল্যান্ডের জয়ের স্বপ্নকে ধূলিসাৎ করে দেয়। ত্রিফলা অর্ধশতকে ম্যাচের ভাগ্য পাল্টে যায়। সর্বাধিক রান করে ম্যাচের সেরা হন গিল।
ইংল্যান্ডের ইনিংসে শুরুটা ছিল আক্রমণাত্মক। ফিল সল্ট ২৬ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলেন, কিন্তু মাঝের ওভারে ভারতীয় বোলারদের চাপে পড়ে যায় ইংল্যান্ড। অধিনায়ক জস বাটলার (৫২) ও জ্যাকব বেদেল (৫১) ফিফটি করলেও তা দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেনি। রবীন্দ্র জাদেজা (৩/২৬) ও ওয়ানডে অভিষিক্ত হর্ষিত রানা (৩/৫৩) ইংল্যান্ডকে ২৪৮ রানে অলআউট করতে বড় ভূমিকা রাখেন।
তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। ইয়াশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মা দ্রুত ফিরে গেলে দল পড়ে ১৯/২ অবস্থায়। তবে সেখান থেকে হাল ধরেন গিল ও শ্রেয়স। মাত্র ৩০ বলে ফিফটি করেন শ্রেয়স, আর্চার ও কার্সকে ছক্কা-চারে তুলোধোনা করেন। এরপর গিলের সঙ্গে ১০৮ রানের পার্টনারশিপ গড়ে ম্যাচ প্রায় শেষ করে দেন অক্ষর।
শেষদিকে কিছু উইকেট পড়লেও ততক্ষণে ম্যাচ ছিল ভারতের মুঠোয়। ১-০ ব্যবধানে এগিয়ে গিয়ে আত্মবিশ্বাসী ভারত এখন দ্বিতীয় ম্যাচে সিরিজ জয়ের অপেক্ষায়।







