বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অবিস্মরণীয় ১২৭ রানের অপরাজিত ইনিংস খেলে দেশজুড়ে প্রশংসা কুড়িয়েছিলেন জেমিমা রডরিগেজ। সেই ইনিংসেই ভারতীয় মহিলা দল ফাইনালের টিকিট পায়। কিন্তু বিগ ব্যাশ লিগে সেই উজ্জ্বল ছন্দের পুনরাবৃত্তি ঘটল না।
মহিলাদের বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিটের হয়ে মাঠে নামেন জেমিমা। প্রতিপক্ষ মেলবোর্ন রেনিগেডস। টস জিতে ফিল্ডিং নেয় রেনিগেডস। ব্যাট করতে নেমে ব্রিসবেনের ওপেনার চার্লি নট মাত্র ৪ রানে ফিরে যান। তিন নম্বরে ব্যাট করতে আসেন জেমিমা, কিন্তু মাত্র ৯ বল টিকতে পারেন। ৬ রানে সাজঘরে ফেরেন তিনি। ফলে ব্রিসবেন হিটের ইনিংস থেমে যায় ১৩৩ রানে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালের নায়িকা জেমিমা, যাঁর ব্যাটে একসময় দেশের কোটি সমর্থক আশার আলো দেখেছিলেন, বিগ ব্যাশে ব্যর্থতায় কিছুটা হতাশ করলেন ভক্তদের।
তবে ক্রিকেট মাঠের বাইরেও জেমিমা বরাবরই ভিন্ন ছন্দে থাকেন। বিশ্বকাপের সময় কিংবদন্তি সুনীল গাভাসকর বলেছিলেন, “ভারত জিতলে আমি গান গাইব, জেমিমা গিটার বাজাবে।” সেই প্রতিশ্রুতি রেখেছিলেন জেমিমা নিজেও। ইনস্টাগ্রামে বার্তা দিয়ে তিনি বলেছিলেন, “স্যর, আমি গিটার নিয়ে তৈরি, আপনি মাইক নিয়ে তৈরি তো?”
বিশ্বকাপ জয়ের আনন্দে সারা দেশ যখন উচ্ছ্বসিত, তখন সেই ‘গিটারগার্ল’ জেমিমার ব্যাটে সুর নেই বিগ ব্যাশের সূচনায়। তবে ক্রিকেট বোদ্ধাদের বিশ্বাস, দীর্ঘ সুরে তিনি ফের নিজের তালে ফিরে আসবেন—কারণ, জেমিমার ব্যাট শুধু গিটার নয়, একদিন আবার সিম্ফনি তুলবেই।







