বিদেশ

ভূমিকম্পে ভাঙল দালান, ভাঙল না কুসংস্কারের দেয়াল—নারীরা আটকে, পুরুষদের ছোঁয়া নিষিদ্ধ!

ভয়ংকর ভূমিকম্পে কেঁপে উঠেছে আফগানিস্তান। বিপর্যয়ের পর বহু নারী ধ্বংসস্তূপের নিচে আটকে প্রাণ বাঁচানোর আকুতি জানালেও, পুরুষ উদ্ধারকারীরা তাঁদের ছুঁতেও পারছেন না। এক মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, শতাব্দী প্রাচীন কঠোর সামাজিক প্রথার কারণে বহু নারী চোখের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন।

প্রচলিত নিয়ম অনুযায়ী, কোনো অপরিচিত পুরুষের পক্ষে নারীর শরীর স্পর্শ করা নিষিদ্ধ। এই রক্ষণশীলতার ফলে উদ্ধারকাজে অংশ নেওয়া পুরুষরা চরম বাধার মুখে পড়ছেন। বিশেষ করে কুনার প্রদেশের আন্দরলুকাক গ্রামে বিবি আয়েশা নামের এক নারী টানা ৩৬ ঘণ্টা ধরে ধ্বংসস্তূপে আটকে ছিলেন। তিনি সাহায্যের জন্য হাত নাড়লেও, উদ্ধারকারী পুরুষরা প্রথার ভয়ে তাঁর কাছে এগিয়ে যেতে পারেননি। আফগানিস্তানে মহিলা উদ্ধারকর্মীর সংখ্যা অতি সীমিত হওয়ায়, এই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।

একইসঙ্গে আরও হৃদয়বিদারক তথ্য সামনে এসেছে। ধ্বংসস্তূপ থেকে পরিবার উদ্ধার করার সময় পুরুষ ও ছেলেদের টেনে বের করা হলেও, ১৯ বছরের আয়শা এবং অন্যান্য নারীদের ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁরা রক্তাক্ত অবস্থায় পড়ে থেকেও কোনো সাহায্য পাননি। এমনকি মৃতদেহ বের করার সময়ও পোশাক ধরে টেনে তোলা হয়েছে, যাতে সরাসরি দেহ স্পর্শ না হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কোনো পুরুষ আত্মীয় উপস্থিত না থাকলে নারীদের মৃতদেহও একইভাবে উদ্ধার করা হচ্ছে।

এখানেই শেষ নয়। কুনার প্রদেশের ত্রাণকর্মী তাহজেবুল্লাহ মুজাহিব জানিয়েছেন, হাসপাতালে আহত নারী রোগীদের ক্ষেত্রেও বৈষম্য চলছে। পুরুষ ও ছেলেদের চিকিৎসা আগে করা হচ্ছে, আর মহিলা স্বাস্থ্যকর্মীর অভাবে নারীরা প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না।

এই সমগ্র ঘটনাপ্রবাহ স্পষ্ট করে দিয়েছে—আফগানিস্তানে রক্ষণশীল প্রথা মানবিকতার থেকেও বড় হয়ে দাঁড়িয়েছে। ভয়াবহ বিপর্যয়ের মাঝেও নারীরা কেবল সমাজের কঠোর নিয়মের কারণে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.