রাজনীতি

‘আমি এখনও শেষ হয়ে যাইনি’, চোখের ছবি পোস্ট করে ইঙ্গিতপূর্ণ বার্তা অভিষেকের

তৃণমূল কংগ্রেস ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দলের অন্দরে একের পর এক পরিবর্তন সামনে এসেছে। দীর্ঘদিনের একাধিক নেতা-কর্মীও দলের সঙ্গ ছেড়েছেন। অন্যদিকে, একাধিক মামলায় আইনি জটিলতায় রয়েছেন কালীঘাট তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে কালীঘাট তৃণমূলের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে নানা প্রশ্ন। এর মধ্যেই মঙ্গলবার চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ‘ভাইপো গ্যাং’-এর দিকে অভিযোগের আঙুল তুলেছেন। এমন পরিস্থিতির মধ্যেই সোশাল মিডিয়ায় অভিষেকের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে শুরু হয়েছে আলোচনা।

ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের চোখের একটি ছবি পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবিতে চোখের কাছে ক্ষতচিহ্ন স্পষ্ট। সেই ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘এই ক্ষতচিহ্নই বলে দেয় যে আমি কতটা কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। আমার চোখ বলে দেয় আমি এখনও শেষ হয়ে যাইনি।’

অভিষেকের চোখের সমস্যা অবশ্য নতুন নয়। চিকিৎসার প্রয়োজনে এর আগেও একাধিকবার বিদেশে যেতে হয়েছে তাঁকে। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে তাঁর এই পোস্টকে আলাদা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

রাজ্যে তৃণমূল সরকার আর ক্ষমতায় নেই। পাশাপাশি একাধিক মামলায় আইনি লড়াইয়ের মুখে পড়েছেন অভিষেক। বিভিন্ন দুর্নীতি মামলাতেও তাঁর নাম উঠে এসেছে। ফলে বর্তমান পরিস্থিতিতে তৃণমূল কীভাবে ঘুরে দাঁড়াবে, তা নিয়ে দলের বাইরে যেমন প্রশ্ন রয়েছে, তেমনই রাজনৈতিক মহলেও চলছে জোর চর্চা। এমনকী তৃণমূলের জোড়াফুল প্রতীক ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই থাকবে কি না, তা নিয়েও জল্পনা রয়েছে।

এই আবহেই বিদেশে চোখের চিকিৎসার জন্য আদালতের অনুমতি নিয়ে থাকা অভিষেকের সোশাল মিডিয়া পোস্ট নতুন করে নজর কেড়েছে। তাঁর বক্তব্যের মধ্যে দিয়ে কঠিন সময়েও লড়াই চালিয়ে যাওয়ার বার্তা রয়েছে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। তাঁদের মতে, একাধিক প্রতিকূলতার মধ্যেও হাল ছাড়ছেন না অভিষেক। বরং আঘাত ও কঠিন অভিজ্ঞতাকেই শক্তিতে পরিণত করে ফের রাজনৈতিক ময়দানে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.