রাজনীতি

নেহেরুর মূর্তি জঙ্গলে ফেলে দেওয়ার অভিযোগ, দুর্গাপুরে তীব্র রাজনৈতিক উত্তেজনা

দুর্গাপুর: পণ্ডিত জওহরলাল নেহেরুর মূর্তি ক্রেন দিয়ে তুলে পাশের জঙ্গলে ফেলে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে দুর্গাপুরে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক উত্তেজনা। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে কংগ্রেস। পুলিশের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

কংগ্রেসের দাবি, দুর্গাপুরের হর্ষবর্ধন প্রাইমারি স্কুলের পাশে একটি মেডিটেশন সেন্টারের সামনে পণ্ডিত নেহেরুর একটি মূর্তি ছিল। অভিযোগ, রাখি বন্ধন অনুষ্ঠানের জন্য জায়গার প্রয়োজন হওয়ায় ক্রেন দিয়ে মূর্তিটি সরিয়ে পাশের স্কুলের জঙ্গলে ফেলে দেওয়া হয়। বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর।

কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী অভিযোগ করেন, দেশের প্রথম প্রধানমন্ত্রীর মূর্তির সঙ্গে এ ধরনের আচরণ কোনওভাবেই মেনে নেওয়া হবে না। তাঁর দাবি, ঘটনাটির সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ পদক্ষেপ না করলে রাস্তায় নেমে আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।

অন্যদিকে, কংগ্রেসের অভিযোগ সরাসরি খারিজ করেছেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তাঁর পাল্টা দাবি, কংগ্রেসের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই অভিযোগ তোলা হচ্ছে। তাঁর অভিযোগ, ঘটনার দায় বিজেপির ঘাড়ে চাপানোর চেষ্টা করছে কংগ্রেস।

নেহেরুর মূর্তি সরানোকে ঘিরে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে এখন সরগরম দুর্গাপুরের রাজনীতি। তবে মূর্তিটি কীভাবে সরানো হয়েছিল এবং কার নির্দেশে তা করা হয়েছিল, তা নিয়ে তদন্তের দিকেই নজর রাজনৈতিক মহলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.