জেলা

নাবালিকা ধর্ষণের অভিযোগে উত্তাল বেলপাহাড়ি, অভিযুক্তের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ

ঝাড়গ্রাম: নাবালিকা আদিবাসী স্কুলছাত্রীকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বেলপাহাড়ি। অভিযুক্তের কঠোরতম শাস্তি, এমনকী ফাঁসির দাবিতে রবিবার ঝাড়গ্রাম-বাঁকুড়া ৯ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। বেলপাহাড়ি ব্লকের এঠালা মোড়ে সকাল ১০টা থেকে শুরু হয় এই পথ অবরোধ।

অভিযোগ, গত সপ্তাহের রবিবার স্থানীয় এক টোটোচালক রূপকুমার দাস ওই নাবালিকা স্কুলছাত্রীকে টোটোয় চাপিয়ে জঙ্গলের মধ্যে নিয়ে যান। সেখানেই তাঁকে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হলে তৎপর হয় পুলিশ। অভিযোগের ভিত্তিতে ওই দিনই অভিযুক্ত রূপকুমার দাসকে গ্রেফতার করে বেলপাহাড়ি থানার পুলিশ। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন।

এদিন অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এঠালা মোড়ে জড়ো হন বহু আদিবাসী মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভকারীদের সংখ্যা আরও বাড়তে থাকে। রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে প্রতিবাদ। অভিযুক্তের ফাঁসির দাবিতে সরব হন বিক্ষোভকারীরা।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, নাবালিকার উপর এমন গুরুতর অপরাধের অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.