যত দিন যাচ্ছে এগিয়ে আসছে ভোটের নির্ঘন্ট। তার আগে জোর কদমে চলছে রাজনৈতিক তরজা। এমনকি মাঝেমধ্যে বচসায় জড়িয়ে পরছে রাজনৈতিক দলগুলি। বুধবার বোমা আতঙ্ক ছড়িয়ে পরল দুর্গাপুরে। সেই নিয়ে বিবাদ বাঁধে তৃণমূল ও বিজেপির মধ্যে। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বোম স্কোয়াডের আধিকারিকরা।
গতকাল সন্ধ্যায় দুর্গাপুরের নিউটাউনশিপ থানার অন্তর্গত সুকান্ত পল্লী এলাকায় একটি ম্যারেজ হলের পিছন দিকে একটি ব্যাগ পরে থাকতে দেখা যায়। ম্যারেজ হলটির কর্তৃপক্ষ বিজেপির সহ সভাপতি মনীষা সিকদার। সেই খবর ছড়িয়ে পরতে ঘটনাস্থলে পৌঁছায় বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই ও তৃণমূল নেত্রী লাভলি রায় সহ দুই দলের কর্মী সমর্থকেরা। এরপর দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে। তারপরেই বচসা বেধে যায়। পরে সেই বচসা হাতাহাতিতে পরিণত হয়।
পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এরপর বোম স্কোয়াডের আধিকারিকেরা ব্যাগ খুলতেই দেখে সেখানে জামা কাপড় আছে। তারপর থেকে ফের শুরু হয় একে অপরকে দোষারোপের পালা। তবে ভোটের আগে এরকম ঘটনা যাতে আর না থাকে সেই দিকে নজর রাখছে প্রশাসন।







