দেশ

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে বিরোধীদের বিক্ষোভ, দিল্লি-মুম্বইয়ে কড়া নজরদারি

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শুক্রবার থেকেই দেশজুড়ে আন্দোলনে নামছে বিরোধী শিবির। একদিকে ককরোচ জনতা পার্টি মুম্বই-সহ দেশের একাধিক বড় শহরে বিক্ষোভ কর্মসূচি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে। অন্যদিকে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের তরফে দেশের প্রতিটি জেলায় জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভের কর্মসূচি নেওয়া হয়েছে। ফলে বিভিন্ন শহরে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে দিল্লি ও মুম্বইয়ের মতো গুরুত্বপূর্ণ এলাকায় আগে থেকেই সতর্ক রয়েছে পুলিশ।

মুম্বইয়ের শিবাজি পার্কে বড় জমায়েতের কর্মসূচি ঘোষণা করেছিল ককরোচ জনতা পার্টি। তবে সেখানে বিক্ষোভের অনুমতি দেয়নি পুলিশ। এরপর দলের প্রধান অভিজিৎ দীপকের নেতৃত্বে ‘জেল ভরো’ কর্মসূচির ডাক দেওয়া হয়। শুক্রবার রাত থেকেই মুম্বইয়ের বিভিন্ন এলাকায় দলীয় কর্মীদের জমায়েত শুরু হয়। সেই জমায়েত আটকাতে ধরপাকড় শুরু করে পুলিশ। শুক্রবার রাতে জমায়েত করার অভিযোগে ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকেকেও কিছুক্ষণের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। পরে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়। ভারতীয় নাগরিক সংহিতার ১৬৩ ধারায় জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে।

অন্যদিকে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে আইসা। কর্মসূচিতে রাজ্যসভার সাংসদ মনোজ ঝা এবং আইনজীবী প্রশান্ত ভূষণের উপস্থিত থাকার কথা রয়েছে। এই কর্মসূচিতে প্রায় ৩ থেকে ৪ হাজার মানুষের জমায়েত হতে পারে বলে অনুমান করা হয়েছিল। তবে পুলিশ সেখানে বিক্ষোভের অনুমতি দেয়নি। যন্তর মন্তর-সহ নয়াদিল্লির একাধিক সংবেদনশীল এলাকায় অতিরিক্ত দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। অননুমোদিত জমায়েত রুখতে এবং সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণে একাধিক জায়গায় ব্যারিকেডও বসানো হয়েছে।

দিল্লির বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ রাখা হয়েছে। একইসঙ্গে ১১টি মেট্রো স্টেশনও বন্ধ করে দেওয়া হয়েছে। রাজধানীতেও ভারতীয় নাগরিক সংহিতার ১৬৩ ধারা কার্যকর রয়েছে। ফলে পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত হলেই পুলিশ পদক্ষেপ করছে। শুধু জমায়েত নয়, স্লোগান দেওয়া, বক্তৃতা করা এবং আগ্নেয়াস্ত্র, ব্যানার, প্ল্যাকার্ড, লাঠি, তলোয়ার, ইটের টুকরো বা এই ধরনের কোনও বস্তু বহনের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.