ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর প্রথম বড় রাজনৈতিক পরীক্ষা বাংলায়। মঙ্গলবার সকাল থেকেই নন্দীগ্রাম ও রেজিনগরে শুরু হয়েছে উপনির্বাচন। সদ্য বদলে যাওয়া রাজনৈতিক সমীকরণের মধ্যে এই দুই কেন্দ্রের ভোটের দিকে নজর গোটা রাজ্যের। ভোটারদের রায় কোন দিকে যায়, তা নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বরাবরই বাংলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ও ভবানীপুর—দুই কেন্দ্র থেকেই জয় পেয়েছিলেন। পরে নন্দীগ্রাম আসন ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন হচ্ছে। এদিন ৩২৩টি বুথে ভোটগ্রহণ হচ্ছে।
নন্দীগ্রামের এবারের ভোটে আরও একটি নজরকাড়া বিষয় রয়েছে। ময়দানে নেই তৃণমূলের নিজস্ব প্রার্থী। কংগ্রেস প্রার্থীকে সমর্থন করছে তৃণমূল। ফলে বিধানসভা নির্বাচনের পর বদলে যাওয়া রাজনৈতিক সমীকরণে নন্দীগ্রামের ভোট বিশেষ তাৎপর্য পাচ্ছে।
রেজিনগরের ছবিটাও কম গুরুত্বপূর্ণ নয়। আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর গত বিধানসভা নির্বাচনে রেজিনগর ও নওদা—দুই কেন্দ্র থেকেই জয়ী হন। পরে রেজিনগর আসন ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন হচ্ছে। এবার ওই আসনে প্রার্থী হয়েছেন তাঁর ছেলে। রেজিনগরে মোট ৩১৫টি বুথে ভোটগ্রহণ হচ্ছে।
দুই কেন্দ্রেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ভোটগ্রহণ পর্ব। নন্দীগ্রামে মোতায়েন রয়েছে ৩৭ কোম্পানি এবং রেজিনগরে ৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ, দুই কেন্দ্রে মোট ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দায়িত্বে রয়েছে। প্রতিটি বুথেই ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।
রেজিনগর মুসলিম অধ্যুষিত এলাকা এবং একসময় কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবেও পরিচিত ছিল। পরবর্তী সময়ে সেখানে তৃণমূলের প্রভাব বাড়ে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবীরের জয়ের পর এবার তাঁর পরিবারের সদস্যই প্রার্থী। ফলে এই কেন্দ্রের ভোটেও রয়েছে আলাদা রাজনৈতিক গুরুত্ব।
সব মিলিয়ে আজকের ভোট শুধু দু’টি আসনের উপনির্বাচন নয়। বিধানসভা নির্বাচনের পর বাংলার রাজনৈতিক পালাবদলের প্রথম ভোট-পরীক্ষাও বটে। নন্দীগ্রাম ও রেজিনগরের ভোটাররা কী বার্তা দেন, সেই রায়ের দিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল।







