খেলাধুলা

ফিফার ২১১ সদস্য দেশকে ২৫ মিলিয়ন ডলার করে দেওয়ার প্রস্তাব, বড় অঙ্ক পেতে পারে ভারতও

ফিফার নির্বাচন ঘিরে যখন ফুটবল দুনিয়ায় জোর চর্চা, ঠিক সেই সময়ই বড় আর্থিক ঘোষণা করলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফার অন্তর্ভুক্ত প্রতিটি সদস্য দেশের ফুটবল সংস্থাকে আর্থিক পুরস্কার দেওয়ার পরিকল্পনা সামনে এনেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। প্রস্তাবটি বাস্তবায়িত হলে ভারতীয় ফুটবল ফেডারেশনও পেতে পারে বিপুল অর্থ।

২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত মোট ৬.৩৫ বিলিয়ন ডলারের একটি তহবিল তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জুরিখে ফিফা কাউন্সিলের বৈঠকে এই প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা।

পরিকল্পনা অনুযায়ী, ফিফার ২১১টি সদস্য দেশের ফুটবল সংস্থাকে ওই তহবিল থেকে অর্থ দেওয়া হতে পারে। প্রতিটি সদস্য সংস্থা প্রায় ২৫ মিলিয়ন ডলার করে পেতে পারে, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৩৭ কোটি টাকা। ২০২৬ বিশ্বকাপ থেকে ফিফার আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে। সেই বাড়তি আয়ের একটি অংশ সদস্য দেশগুলির ফুটবল উন্নয়নে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

এর আগে উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফেরিন এবং কনকাকাফ প্রধান ভিক্টর মন্টাগ্লিয়ানি প্রতিটি সদস্য সংস্থাকে ১০ মিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তবে ফিফার পরিচালন পদ্ধতি এবং জিয়ান্নি ইনফান্তিনোর বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে ফুটবল মহলে মতবিরোধ রয়েছে।

বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতায় বেসরকারি বিনিয়োগকারীদের যুক্ত করার পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো। সেই প্রস্তাবের বিরোধিতা করে উয়েফা, কনকাকাফ এবং এএফসি-সহ একাধিক সংস্থা। শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল করে ফিফা।

২০১৬ সাল থেকে ফিফা সভাপতির দায়িত্বে রয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। ২০২৭ সালের মার্চে ফের সভাপতি পদে নির্বাচনে লড়ার পরিকল্পনা রয়েছে তাঁর। অন্যদিকে, উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফেরিনও আরও একবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। কনকাকাফ প্রধান ভিক্টর মন্টাগ্লিয়ানিও পুনর্নির্বাচনে লড়তে পারেন বলে সংবাদমাধ্যমে খবর। প্রার্থীপদ জমা দেওয়ার শেষ দিন ১৮ নভেম্বর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.