সুপ্রিম কোর্টের সামনে মিছিল ঘিরে কড়া অবস্থান শীর্ষ আদালতের। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে অনিয়মের অভিযোগ তুলে গত ১২ অক্টোবর সুপ্রিম কোর্টের দিকে মিছিল করেছিলেন বিরোধী নেতারা। সেই মিছিল ও আদালত চত্বরে প্রতিবাদ ঘিরে এবার রাহুল গান্ধী, সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব-সহ কয়েকজনকে নোটিস দিল সুপ্রিম কোর্ট।
বৃহস্পতিবার বিষয়টি আদালতে উঠলে প্রধান বিচারপতি সূর্য কান্ত স্পষ্ট করে দেন, বিচারব্যবস্থার উপর কোনও ধরনের চাপ তৈরি করা বরদাস্ত করা হবে না। আইনজীবীদের তরফে মিছিলের প্রসঙ্গ তোলা হলে CJI বলেন, “Nobody can browbeat judiciary”—অর্থাৎ কোনওভাবেই বিচারব্যবস্থাকে ভয় দেখিয়ে বা চাপ সৃষ্টি করে প্রভাবিত করা যাবে না। আদালতের স্বাধীনতা ও মর্যাদা অক্ষুণ্ণ রাখার বিষয়টিকেই এদিন বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
SIR নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে বিরোধী শিবির। ভোটার তালিকা সংশোধনের সময় বহু ভোটারের নাম বাদ পড়া এবং প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ সামনে এনে আদালতের দ্বারস্থ হয়েছেন রাহুল গান্ধী-সহ INDIA জোটের নেতারা। এই সংক্রান্ত মামলাও বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন।
এর আগে রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খড়্গের সঙ্গে সরাসরি বৈঠকের আবেদনও খারিজ করেছিলেন CJI সূর্য কান্ত। তাঁর বক্তব্য ছিল, বিচারাধীন বিষয় নিয়ে প্রশাসনিক স্তরে বৈঠক করা বিচারিক শিষ্টাচার ও ক্ষমতার পৃথকীকরণের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
ফলে SIR বিতর্কের মধ্যেই সুপ্রিম কোর্টের সামনে রাজনৈতিক মিছিল নিয়ে নতুন করে আইনি জটিলতা তৈরি হল।







