রাজনীতি

পালাবদলের পর বার কাউন্সিলের ফলে তৃণমূলের দাপট, ২৩টির মধ্যে জয় ১৫ আসনে

রাজ্যে রাজনৈতিক পালাবদলের প্রায় সাড়ে তিন মাস পর পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের নির্বাচনের ফল প্রকাশ্যে এল। তৃণমূল যখন দলের অন্দরের নানা দ্বন্দ্বে জর্জরিত, সেই সময় বার কাউন্সিলের ফলে ঘাসফুল শিবিরের জয় নিয়ে শুরু হয়েছে নতুন করে চর্চা। তবে এই নির্বাচনের ভোটগ্রহণ অবশ্য রাজ্যে পালাবদলের আগেই হয়ে গিয়েছিল। মঙ্গলবার সেই ভোটের ফল ঘোষণা করা হয়।

পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের মোট ২৩টি আসনের মধ্যে ১৫টিতে জয় পেয়েছে তৃণমূল। বিজেপির ঝুলিতে গিয়েছে ৩টি আসন। এছাড়া বামেরা ৩টি এবং কংগ্রেস সমর্থিত প্রার্থীরা ২টি আসনে জয়ী হয়েছেন।

জানা গিয়েছে, প্রায় ছয় মাস আগে বার কাউন্সিলের ২৩টি আসনে ভোটগ্রহণ হয়েছিল। মোট ৭৫ জন আইনজীবী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে পুরুষদের জন্য ১৮টি এবং মহিলাদের জন্য ৫টি আসন সংরক্ষিত ছিল।

সুপ্রিম কোর্টের নির্দেশে নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই নির্বাচন আয়োজন করা হয়। ভোটগ্রহণ শেষ হয়ে গেলেও এতদিন ফল প্রকাশ করা সম্ভব হয়নি। শীর্ষ আদালতের গঠন করা কমিটি ভোট গণনার কাজ শেষ করার পর মঙ্গলবার ফল ঘোষণা করা হয়। ফলাফলে দেখা যায়, তৃণমূল ১৫টি আসনে জয়ী হয়েছে। বিজেপি পেয়েছে ৩টি, বামেদের দখলে গিয়েছে ৩টি এবং কংগ্রেস সমর্থিত প্রার্থীরা জিতেছেন ২টি আসনে।

মহিলাদের জন্য সংরক্ষিত ৫টি আসনের মধ্যে ৪টিতে জয় পেয়েছে তৃণমূল। বাকি একটি আসন গিয়েছে কংগ্রেসের দখলে।

তৃণমূলের জয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন বার কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যান তথা বিধায়ক অশোক কুমার দেব। জয় পেয়েছেন কালীঘাটপন্থী তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়ও। বামেদের জয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন শামিম আহমেদ।

তবে এই ফলাফল ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। কারণ, বার কাউন্সিলের ভোটের সময় রাজ্যে ক্ষমতায় ছিল তৃণমূল সরকার। বর্তমানে সেই ছবিটা বদলে গিয়েছে। তৃণমূল এখন বিরোধী শিবিরে, আর রাজ্যে ক্ষমতায় বিজেপি। ফলে ভোটে তৃণমূলের বিপুল জয় হলেও বাস্তবে বার কাউন্সিলের বোর্ড গঠন ও পরবর্তী পরিচালনায় কোন দলের ভূমিকা কতটা থাকবে, তা নিয়েই এখন শুরু হয়েছে জোর আলোচনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.