মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়ছেন অভিনেত্রী জুন মালিয়া। তিনি মেদিনীপুরের বিধায়ক ছিলেন। এবার লড়ছেন লোকসভার ময়দানে। বর্তমানে নিজের কেন্দ্রে প্রচার করছেন অভিনেত্রী। তবে এবার যেন তাঁর আত্মবিশ্বাস দ্বিগুন হয়ে গেল।এর সবচেয়ে বড় কারন তার ছেলে তার পাশে এসে দাঁড়িয়েছেন।
জুন মালিয়ার ছেলে শিবেন্দ্র মালিয়া পেশায় একজন বিমান চালক । ২৮ বছরের এই যুবক বর্তমানে দুই মাসের ছুটি নিয়ে মায়ের পাশে এসে দাঁড়িয়েছেন। এই দুই মাস মায়ের সঙ্গে ভোটের প্রচার করবেন বলে জানিয়েছেন শিবেন্দ্র। ফলে ছেলেকে এখন পাশে পেয়ে জুন মালিয়া বেশ আত্মবিশ্বাসী।
মেদিনীপুরে প্রচার চালানোর সময় জুনের গাড়ির চালকের আসনে বসেছিলেন শিবেন্দ্র। বিমানে চালকের আসন ছেড়ে মাকে নিয়ে জনসংযোগ করতে বেরিয়ে পড়েন তিনি। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘ভোটের প্রচারে আমার তো আর তেমন কোনও কাজ নেই। কিন্তু যেটা পারি সেই দায়িত্ব কাঁধে তুলে নিলাম। মায়ের গাড়ি চালাব আমি।’
এটা প্রথমবার নয়। ২০২১ সালের নির্বাচনের সময়ও তিনি জুনের পাশে পাশে থেকেছেন। এমনকি তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারেও যোগ দিতে চেয়েছিলেন। এবার আবার সুযোগ পেতেই মায়ের পাশে এসে দাঁড়ালেন শিবেন্দ্র।
ছেলেকে পাশে পেয়ে স্বাভাবিক ভাবে খুশি জুন। তিনি এদিন তাঁর আনন্দের কথা প্রকাশ করে বলেন, ‘ও যেভাবে হোক আমার পাশে থাকতে চেয়েছিল। ও যেটা পারে সেটা করবে বলল। আমিও আপত্তি করিনি তাতে। ও গাড়ি ভীষণ ভালো চালায়। স্টিয়ারিং ওর হাতে থাকলে আমি নিশ্চিন্তে থাকি। ও পাশে থাকলে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়।’







