খেলাধুলা

শেষ বিশ্বকাপেই কাপ জয়ের লক্ষ্য, সর্বস্ব উজাড় করতে তৈরি বিরাট-রোহিত

গতবার আর কাপের মধ্যে দূরত্বটা ছিল সামান্যই। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। সেই আক্ষেপ এবার মিটিয়ে দিতে মরিয়া বিরাট কোহলি ও রোহিত শর্মা। আগামী বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপ। আর বিরাট ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, সেটিই হতে চলেছে তাঁর শেষ বিশ্বকাপ। তাই ট্রফি জয়ের লক্ষ্যে নিজেদের উজাড় করে দিতে প্রস্তুত ‘কিং কোহলি’ ও ‘হিটম্যান’।

এই মুহূর্তে ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিল। তবে সমর্থকদের কাছে এখনও আস্থার অন্যতম নাম রোহিত শর্মা ও বিরাট কোহলি। সামনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। তার আগেই নিজের শেষ বিশ্বকাপ নিয়ে মুখ খুলেছেন কোহলি। তাঁর কথায়, ৫০ ওভারের বিশ্বকাপের মতো আবেগ ও উত্তেজনা অন্য কোনও ফরম্যাটে পাওয়া যায় না। টি-টোয়েন্টির দাপটের সময়েও ১০টি ম্যাচ ধরে সেই উত্তেজনা ধরে রাখা সহজ নয়। তার উপর এবার বিশ্বকাপ হবে বিদেশের মাটিতে, ফলে চ্যালেঞ্জও আরও কঠিন। নিজের শেষ বিশ্বকাপকে সামনে রেখে তাঁর একমাত্র লক্ষ্য ট্রফি জয়। সেই লক্ষ্যে পৌঁছতে প্রয়োজনীয় সবকিছু করতে প্রস্তুত তিনি।

রোহিতের কথাতেও একই সুর। তিনি মনে করেন, তাঁর দায়িত্ব এখনও শেষ হয়নি। যতদিন ক্রিকেট খেলবেন, ততদিন আরও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাবেন। আপাতত তাঁর চোখ বিশ্বকাপের দিকে। রোহিতের মতে, বিশ্বকাপ কিংবা যে কোনও আইসিসি টুর্নামেন্টে খেলা অত্যন্ত কঠিন। কারণ বিভিন্ন দেশে গিয়ে আলাদা আলাদা প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হয়। সেই অনুযায়ী নিজেদের প্রস্তুত করাটাও বড় চ্যালেঞ্জ।

২০২৩ সালে রোহিতের নেতৃত্বে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। এবার অবশ্য দলের দায়িত্ব শুভমান গিলের কাঁধে। তরুণ অধিনায়কের এখনও অনেক কিছু শেখার রয়েছে। তবে তাঁর পাশে রয়েছেন রোহিত-বিরাটের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। গিলের নেতৃত্ব দেওয়ার দক্ষতার প্রশংসা করেছেন কোহলিও। তাঁর মতে, বয়স কম হলেও ভারতকে নেতৃত্ব দেওয়ার তাগিদ এবং সক্ষমতা দুটোই রয়েছে গিলের মধ্যে। মাঠে কীভাবে দলকে পরিচালনা করতে হবে, সে বিষয়েও তাঁর পরিষ্কার ধারণা রয়েছে। সময়ের সঙ্গে অভিজ্ঞতা বাড়লে গিল আরও পরিণত হবেন বলেই মনে করেন কোহলি। তাঁর বিশ্বাস, দীর্ঘ সময় ভারতীয় দলের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে তরুণ অধিনায়কের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.