বিদেশ

রাষ্ট্রসংঘের দরজায় হাফিজ সাঈদ প্রশ্ন, মুখে কুলুপ শাহবাজের!

নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের কঠিন প্রশ্নের মুখে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সন্ত্রাসবাদ নিয়ে প্রশ্নের পর এবার সরাসরি হাফিজ সাঈদের বিচার নিয়ে প্রশ্ন করা হলেও কোনও উত্তর দিলেন না তিনি। প্রশ্ন এড়িয়ে দ্রুত সেখান থেকে চলে যান পাক প্রধানমন্ত্রী।

রাষ্ট্রসংঘের সদর দফতরে প্রবেশের সময় শাহবাজকে সাংবাদিকরা প্রশ্ন করেন, পাকিস্তান কবে সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া বন্ধ করবে? প্রশ্নের জবাব না দিয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে ভিতরে চলে যান তিনি।

এরপর অনুষ্ঠান শেষে রাষ্ট্রসংঘের সদর দফতর থেকে বেরনোর সময় ফের সাংবাদিকদের মুখোমুখি হন শাহবাজ। এবার তাঁকে সরাসরি জিজ্ঞাসা করা হয়, লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদের বিরুদ্ধে কবে বিচারপ্রক্রিয়া শুরু করবে পাকিস্তান? এই প্রশ্নেরও কোনও জবাব দেননি তিনি।

হাফিজ সাঈদকে ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন রয়েছে। ২০০৮ সালের মুম্বই হামলার সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। ২০২৫ সালের পহেলগাঁও জঙ্গি হামলার তদন্তেও তাঁর নাম উঠে এসেছে। ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) হামলার বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে হাফিজ সাঈদের যোগ থাকার অভিযোগ করেছে।

রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে যখন আন্তর্জাতিক মঞ্চে সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা চলছে, ঠিক সেই সময় পাক প্রধানমন্ত্রীর সামনে হাফিজ সাঈদকে নিয়ে সাংবাদিকদের এই প্রশ্ন নতুন করে নজর কেড়েছে। তবে গোটা বিষয়টি নিয়ে শাহবাজ শরিফের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.