রাজনীতি

‘এখনও কেউ আসছে না’, বসুনিয়ার ১৭ সাংসদ বিজেপিতে যোগের দাবিকে নস্যাৎ শমীকের

‘বিজেপিতে যোগ দেওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই’—সম্প্রতি এমনই মন্তব্য করেছিলেন এনসিপিআই-তে যোগ দেওয়া সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া। তাঁর দাবি ছিল, কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়-সহ ১৭ জন সাংসদ দুর্গাপুজোর আগেই বিজেপিতে যোগ দিতে পারেন। বসুনিয়ার সেই দাবিকে ঘিরেই এবার মুখ খুললেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।

সিতাইয়ের সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়ার দাবি, তিনজন সাংসদকে বাদ দিলে বাকি ১৭ জন সাংসদ শীঘ্রই বিজেপিতে যোগ দিতে পারেন। তবে সেই সম্ভাবনার কথা সরাসরি খারিজ করে দিয়েছেন শমীক ভট্টাচার্য। তাঁর স্পষ্ট বক্তব্য, তৃণমূল থেকে কাউকে বিজেপিতে নেওয়ার বিষয়ে দলের কোনও সিদ্ধান্ত হয়নি। শুধু তাই নয়, ভবিষ্যতেও তৃণমূলের কোনও নেতা-সাংসদ বিজেপিতে যোগ দেবেন না বলেই দাবি করেছেন তিনি।

শমীক ভট্টাচার্য বলেন, “এই মুহূর্তে তৃণমূল থেকে কেউ বিজেপিতে যোগ দিচ্ছে না, অদূর ভবিষ্যতেও করবে না। মানুষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তৃণমূলের অত্যাচার মানুষ ভুলে যায়নি। এখন কয়েকজন সাংসদ মিলে একটি নতুন দল তৈরি করেছেন। তাঁরা এনডিএ-কে সমর্থন করেছেন, আমরা তাকে স্বাগত জানাই। কিন্তু কেউ বিজেপিতে আসছেন না।”

বসুনিয়ার মন্তব্য প্রসঙ্গে শমীক আরও বলেন, “উনি ইচ্ছা প্রকাশ করেছেন। বিজেপি তাঁকে নেবে কি না, সেটা বিজেপির বিষয়।” এরপরই তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তিনি বলেন, ২০২১ সালের ২ মে-র পর ২৭ দিনে ৫৬ জন বিজেপি কর্মী খুন, প্রায় ২০০ জন বিজেপির মহিলা কর্মীকে গণধর্ষণ, জেসিবি দিয়ে বাড়ি ভেঙে দেওয়া, থুতু ফেলে চাটানো, মাথা কামিয়ে দেওয়া, জরিমানা নিয়ে বাড়ি ফেরানো কিংবা অটো-টোটো স্ট্যান্ড থেকে ছেলেদের সরিয়ে দেওয়ার মতো ঘটনা বিজেপি ভুলে যায়নি।

শমীকের কথায়, “বিজেপির পতাকা হাতে নিলেই যে সমস্ত পাপ মুছে যাবে, এমনটা মনে করার কোনও কারণ নেই।” ফলে বসুনিয়ার ১৭ সাংসদের বিজেপিতে যোগদানের দাবি নিয়ে রাজনৈতিক জল্পনা তৈরি হলেও, আপাতত সেই সম্ভাবনা উড়িয়ে দিলেন রাজ্য বিজেপির সভাপতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.