বিদেশ

দুই মিনিবাসের মুখোমুখি ধাক্কা, তার পরেই SUV! দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২১

দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত ২১ জনের। রবিবার রাতে এন১ হাইওয়েতে দুটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষের পর আরও একটি SUV দুর্ঘটনাস্থলে ধাক্কা মারে। পর পর একাধিক গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই কার্যত মৃত্যুমিছিলের পরিস্থিতি তৈরি হয়।

রোড ট্রাফিক ম্যানেজমেন্ট কর্পোরেশন জানিয়েছে, কেপ টাউন থেকে প্রায় ৩৮০ কিলোমিটার পূর্বে প্রিন্স অ্যালবার্ট ও লিউ-গামকার মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। রাতের অন্ধকারে আচমকা দুটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর ওই দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলির সঙ্গে একটি SUV-রও সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁদের মধ্যে তিনজনকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ঘটনার পর নিরাপত্তার কারণে ওই অংশের হাইওয়ে বন্ধ করে দেওয়া হয়। কী কারণে দুটি মিনিবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রোড ট্রাফিক ম্যানেজমেন্ট কর্পোরেশন। দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়।

দক্ষিণ আফ্রিকায় সাধারণ মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম মিনিবাস। ফলে এই ধরনের দুর্ঘটনা সেখানে নতুন নয়। চলতি বছরের জানুয়ারিতেও পৃথক দুটি পথ দুর্ঘটনায় ১৪ শিশুসহ অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছিল। ফের একই ধরনের মর্মান্তিক ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে দক্ষিণ আফ্রিকার সড়ক নিরাপত্তা নিয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.