খেলাধুলা

ভাঙা পায়ে ২০১ রানের বীরত্ব, এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ম্যাক্সওয়েলের

এক পায়ে চোট নিয়েও ব্যাট হাতে অবিশ্বাস্য লড়াই। ২০১ রানের অপরাজিত ইনিংসে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জয়ের পথে এগিয়ে দিয়েছিলেন তিনি। সেই গ্লেন ম্যাক্সওয়েল এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন। প্রায় ১৪ বছর অস্ট্রেলিয়ার জার্সিতে খেলার পর শেষ হল তাঁর আন্তর্জাতিক অধ্যায়। দেশের হয়ে দু’টি বিশ্বকাপ-সহ একাধিক ট্রফি জেতা এই অলরাউন্ডারের বিদায় অবশ্য তেমন জাঁকজমকপূর্ণ হল না।

তিন ফরম্যাটেই অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ম্যাক্সওয়েল। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতেই তাঁর সবচেয়ে বেশি প্রভাব দেখা গিয়েছে। বিধ্বংসী ব্যাটিংয়ের সঙ্গে কার্যকর অফস্পিন—এই দুইয়ের সমন্বয়ে দীর্ঘদিন অজি দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। আন্তর্জাতিক কেরিয়ারে ম্যাক্সওয়েল খেলেছেন সাতটি টেস্ট, ১৪৯টি ওয়ানডে এবং ১৩০টি টি-টোয়েন্টি। সব ফরম্যাট মিলিয়ে তাঁর রান ছ’হাজারের গণ্ডি পেরিয়েছে। পাশাপাশি বল হাতে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শিকার ১৩৬ উইকেট।

অস্ট্রেলিয়ার হয়ে দু’বার ওয়ানডে বিশ্বকাপ জয়ের অংশীদার ম্যাক্সওয়েল। ২০১৫ সালে দেশের মাটিতে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। এরপর ২০২৩ সালেও বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। সেই বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর ২০১ রানের ইনিংস আজও ক্রিকেটের অন্যতম স্মরণীয় পারফরম্যান্স হিসেবে বিবেচিত হয়। ৯১ রানে সাত উইকেট হারিয়ে যখন ম্যাচে কার্যত কোণঠাসা অস্ট্রেলিয়া, তখন পায়ের পেশির সমস্যায় ভুগতে থাকা ম্যাক্সওয়েল একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। অপরাজিত ২০১ রান করে দলকে অবিশ্বাস্য জয় এনে দেন তিনি। পরে ভারতকে হারিয়ে বিশ্বকাপের ট্রফি ঘরে তোলে অস্ট্রেলিয়া।

তবে আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাক্সওয়েলের শেষ পর্বটা খুব একটা সুখের ছিল না। চলতি বছরের শুরুতেই অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন তিনি। তার আগের বছরই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। এরপর মূলত টি-টোয়েন্টিতেই মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার স্কোয়াডেও জায়গা হয়নি তাঁর। শেষ পর্যন্ত ৩৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন এই তারকা অলরাউন্ডার।

অস্ট্রেলিয়ার হয়ে ম্যাক্সওয়েলের শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিরুদ্ধে। তবে ক্রিকেট থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না তিনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন ম্যাক্সওয়েল। আগামী বছর পর্যন্ত বিগ ব্যাশ লিগে তাঁকে দেখা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.