অফবিট

ছটপুজোয় বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে গুড়ের ঠেকুয়া! রইল সহজ রেসিপি, মানতে হবে কয়েকটি কৌশল

ছটপুজো মানেই ভক্তি, নিষ্ঠা আর নানা রকম প্রসাদের আয়োজন। আর এই উৎসবের অন্যতম আকর্ষণ হল গুড়ের ঠেকুয়া। বিহার, ঝাড়খণ্ড-সহ দেশের বিভিন্ন প্রান্তে ছটপুজোর প্রসাদ হিসেবে এই বিশেষ মিষ্টির প্রচলন রয়েছে। বাইরে মুচমুচে, ভিতরে নরম আর গুড়ের মিষ্টি গন্ধে ভরপুর ঠেকুয়া খেতে ভালোবাসেন অনেকেই। তবে বাড়িতে বানাতে গিয়ে অনেক সময় ঠেকুয়া অতিরিক্ত শক্ত হয়ে যায়, আবার কখনও ঠিকমতো মুচমুচে হয় না। তাই রইল সহজ পদ্ধতি, যাতে অল্প কিছু উপকরণেই তৈরি করতে পারবেন সুস্বাদু গুড়ের ঠেকুয়া।

**ঠেকুয়া বানাতে কী কী লাগবে?**

– গমের আটা – ২ কাপ
– গুড় – ১ কাপ
– দেশি ঘি – ১/৪ কাপ
– মৌরি – ১ চামচ
– শুকনো নারকেল কুচি – ১ কাপ
– জল – প্রয়োজনমতো
– ভাজার জন্য ঘি অথবা সাদা তেল – পরিমাণমতো

**কীভাবে বানাবেন গুড়ের ঠেকুয়া?**

প্রথমে একটি পাত্রে গুড় ও এক কাপ জল মিশিয়ে প্রায় ১০ মিনিট রেখে দিন। গুড় সম্পূর্ণ গলে গেলে ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। এতে গুড়ের মধ্যে থাকা ময়লা দূর হবে।

এবার একটি বড় পাত্রে গমের আটা নিন। তার মধ্যে মৌরি ও শুকনো নারকেল কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। অন্যদিকে ঘি হালকা গরম করে আটার মধ্যে ঢেলে দিন। হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন, যাতে আটার প্রতিটি অংশে ঘি মিশে যায়।

এরপর অল্প অল্প করে গুড়ের জল দিয়ে শক্ত ডো তৈরি করুন। খেয়াল রাখবেন, ডো যেন অতিরিক্ত নরম না হয়। মাখা হয়ে গেলে বেশিক্ষণ ফেলে রাখবেন না। এবার ছোট ছোট লেচি কেটে ঠেকুয়ার ছাঁচে চেপে পছন্দমতো নকশা তৈরি করে নিন।

**মুচমুচে ঠেকুয়া বানানোর আসল কৌশল**

কড়াইয়ে ঘি অথবা সাদা তেল গরম করে একে একে ঠেকুয়াগুলি ছেড়ে দিন। প্রথমেই উল্টে দেওয়ার প্রয়োজন নেই। একদিক হালকা সোনালি হয়ে এলে সাবধানে উল্টে দিন। এরপর কম আঁচে ধীরে ধীরে দু’দিক ভালো করে ভেজে নিন।

ঠেকুয়ার গায়ে সোনালি রং এবং হালকা ফাটল দেখা দিলে বুঝবেন তা তৈরি। ভাজা হয়ে গেলে তুলে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হওয়ার পরই ঠেকুয়া আরও মুচমুচে হবে।

ছটপুজোর প্রসাদের তালিকায় গুড়ের ঠেকুয়ার গুরুত্ব আলাদা। বাড়ির ছোট থেকে বড়, সকলের মন জয় করতে এই উৎসবে নিজেই বানিয়ে ফেলুন ঐতিহ্যবাহী এই মিষ্টি। সামান্য কয়েকটি কৌশল মেনে চললেই দোকানের মতো সুস্বাদু ঠেকুয়া তৈরি হবে বাড়িতেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.