রাজ্য

কুণাল ঘোষকে স্বস্তি সুপ্রিম কোর্টে, কলকাতা হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ জারি

অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছিল কুণাল ঘোষের বিরুদ্ধে। পাশাপাশি আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামিম-সহ একাধিক আইনজীবীর চেম্বার ঘেরাও করে বিক্ষোভ দেখানোর অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। এই ঘটনায় কুণাল ঘোষকে জরিমানার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার সেই মামলাতেই বড়সড় স্বস্তি পেলেন তৃণমূল নেতা। হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। বিচারপতি জেবি পার্দিওয়ালার বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

সোমবার নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে বিষয়টি জানান কুণাল ঘোষ। তিনি লেখেন, কলকাতা হাইকোর্টের তিন বিচারপতির বিশেষ বেঞ্চ আদালত অবমাননার মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করে যে রায় দিয়েছিল, সুপ্রিম কোর্ট এদিন তাতে হস্তক্ষেপ করেছে। ওই রায়ের উপর স্থগিতাদেশ দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট পক্ষকে নোটিস পাঠানোর নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আইনজীবীর মাধ্যমে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন তিনি। সোমবার সেই মামলার শুনানি ছিল।

কুণাল আরও জানান, তাঁর আইনজীবী অয়ন চক্রবর্তী ও শম্ভু নন্দী এদিন সুপ্রিম কোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে বিষয়টি তুলে ধরেন। তাঁদের বক্তব্য শোনার পরই হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ এবং নোটিস জারির সিদ্ধান্ত নেয় শীর্ষ আদালত। কুণালের কথায়, যাঁরা তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে মামলা করেছিলেন, তাঁরা এই নির্দেশে হতাশ হবেন। তবে আদালতের প্রতি তাঁর পূর্ণ শ্রদ্ধা রয়েছে বলেও জানিয়েছেন তিনি। হাইকোর্টের তিন বিচারপতিকেও সম্মান করেন বলে উল্লেখ করে কুণাল বলেন, সংশ্লিষ্ট রায়ে ন্যায়বিচার পাননি বলেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আইনি লড়াই চলবে।

এ প্রসঙ্গে আইনজীবী শম্ভু নন্দী জানান, কলকাতা হাইকোর্টে স্বতঃপ্রণোদিতভাবে একটি আদালত অবমাননার মামলা শুরু হয়েছিল। সেই মামলায় কুণাল ঘোষকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করা হয়। সোমবার সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাঁরা। এরপরই হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত।

উল্লেখ্য, এসএসসির শারীরশিক্ষা ও কর্মশিক্ষা বিভাগে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে বেআইনিভাবে নিয়োগের অভিযোগ উঠেছিল তৎকালীন তৃণমূল সরকারের বিরুদ্ধে। এই বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন আইনজীবী ফিরদৌস শামিম। মামলায় কয়েকজন চাকরিপ্রার্থীর হয়ে সওয়াল করেছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। সেই মামলার বিচারক ছিলেন বিশ্বজিৎ বসু। অতিরিক্ত শূন্যপদ তৈরির পিছনে কার নির্দেশ ছিল, তা লিখিতভাবে জানানোর নির্দেশ দিয়েছিলেন তিনি।

এরপরই ক্ষোভ প্রকাশ করেন চাকরিপ্রার্থীদের একাংশ। অভিযোগ, কুণাল ঘোষের নেতৃত্বে একদল চাকরিপ্রার্থী আইনজীবী ফিরদৌস শামিম ও বিকাশরঞ্জন ভট্টাচার্যের চেম্বার ঘিরে বিক্ষোভ দেখান। আইনজীবীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে কলকাতা হাইকোর্ট স্বতঃপ্রণোদিতভাবে মামলা শুরু করে। সেই মামলাতেই কুণাল ঘোষকে দোষী সাব্যস্ত করেছিল হাইকোর্ট। এবার সেই রায়ের উপরই স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.