তামিলনাড়ুর তিরুপারানকুন্দ্রামে কার্তিকাই দীপম প্রজ্বলনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া বিক্ষোভের ঘটনায় বিজেপি এবং বিভিন্ন হিন্দু সংগঠনের প্রায় ৩০০ জন সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মাদুরাই পুলিশ। অনুমতি ছাড়া বেআইনি সমাবেশ, জনশান্তি ভঙ্গ এবং সরকারি কাজে বাধা দেওয়াসহ ছয়টি ধারায় এই মামলাগুলো নথিভুক্ত করা হয়েছে।
মূলত পাহাড়ের চূড়ায় অবস্থিত ‘দীপাথুন’ পাথরের স্তম্ভে সন্ধ্যা ৬টার সময় প্রদীপ জ্বালানোর জন্য সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশ ছিল। তবে প্রশাসন সেখানে প্রদীপ না জ্বালিয়ে প্রথা অনুযায়ী উচি পিল্লাইয়ার মন্দিরের ওপরে মহা দীপম প্রজ্বলন করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এই ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ তুলেছেন আবেদনকারী নিরঞ্জন এস কুমার এবং তামিলনাড়ু বিজেপি নেত্রী তামিলিসাই সুন্দররাজন। সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এদিকে, ঘটনার প্রতিবাদে রামানাথপুরম ও পোল্লাচিসহ রাজ্যের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু হলে পুলিশ বেশ কয়েকজনকে আটক ও গ্রেপ্তার করে।







