সরকারি হাসপাতালের পরিকাঠামোর নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠল কলকাতায়। বৃহস্পতিবার সকালে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভেঙে পড়ল ছাদের একাংশ। হাসপাতালের ইউ এন ব্রহ্মচারী ভবনের গ্রাউন্ড ফ্লোরে X-Ray ঘরের ছাদ থেকে চাঙড় খসে পড়ে। তবে দুর্ঘটনার সময় ঘরে কেউ না থাকায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। ঘটনায় হতাহতের খবর নেই।
হাসপাতাল সূত্রে খবর, ইউ এন ব্রহ্মচারী ভবনটি বেশ পুরনো। ইতিমধ্যেই ওই ভবন থেকে একাধিক বিভাগ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে বলে দাবি কর্তৃপক্ষের। তবে একই ভবনে এর আগেও ছাদের অংশ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে।
চলতি বছরের এপ্রিল মাসে ওই ভবনের পাঁচতলায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের (CCU) ছাদের চাঙড় ভেঙে পড়েছিল। সেই সময় সেখানে প্রায় ১২ জন রোগী ভর্তি ছিলেন। দ্রুত তাঁদের অন্য বিভাগে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনায় কেউ আহত না হলেও ছাদে ফাটল এবং দেওয়াল ও স্তম্ভের সংযোগস্থলে ক্ষতির চিহ্ন ধরা পড়েছিল।
শুধু কলকাতা নয়, দেশের অন্য হাসপাতালেও সম্প্রতি একই ধরনের দুর্ঘটনা ঘটেছে। সেপ্টেম্বরে তেলঙ্গানার ওয়ারাঙ্গলের মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে পরপর কয়েকটি বিভাগে ছাদের অংশ ভেঙে পড়ে। তাতে একাধিক রোগী ও তাঁদের পরিজন আহত হন।
এপ্রিল মাসে বেঙ্গালুরুর একটি হাসপাতাল চত্বরে দেওয়ালের অংশ ভেঙে পড়ে সাতজনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন আরও তিনজন।
পরপর এমন ঘটনায় হাসপাতালের পুরনো ভবনগুলির রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে যেখানে প্রতিদিন বহু রোগী ও তাঁদের পরিজনের যাতায়াত, সেখানে পরিকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করাই এখন বড় প্রশ্ন।







